×
Logo

খেলাধুলা

হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ভেড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম

হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ভেড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে শেফিল্ড ইউনাইটেড। রোববার (৩০ আগস্ট) লেস্টার সিটি থেকে ব্রামল লেনে তার ফেরার চুক্তি প্রায় চূড়ান্ত বলে নিশ্চিত করেছে ইংল্যান্ডের সংবাদমাধ্যম 'দ্য স্টার'।

শেফিল্ডের নিয়মিত রাইটব্যাক ফেমি সেরিকি চোটে পড়ায় রক্ষণের ঘাটতি পূরণে বিকল্পের সন্ধান করছিল ক্লাব কর্তৃপক্ষ। সেই সূত্র ধরেই হামজাকে পুনরায় দলে টানার উদ্যোগ নেয় তারা। আজই তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হতে পারে। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের আগেই আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা আসতে পারে।

এর আগে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা চৌধুরী। সে সময় ব্রামল লেনের ক্লাবটির হয়ে ১৯টি ম্যাচ খেলেন, যার ১৬টিতেই শুরুর একাদশে ছিলেন তিনি। দলকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে ওঠানোর ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

লেস্টার সিটির সাথে হামজার বর্তমান চুক্তি থাকলেও টানা দুই মৌসুম অবনমনের ধাক্কায় বেতন ও আর্থিক চাপ কমাতে চাচ্ছে ক্লাবটি। আর এই সুযোগ কাজে লাগিয়ে প্রায় বিনা ট্রান্সফার ফিতেই অভিজ্ঞ এই মিডফিল্ডারকে নিজেদের দলে ভেড়াল শেফিল্ড।

শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের সাথে হামজার বোঝাপড়া দীর্ঘদিনের। ওয়াটফোর্ড ও শেফিল্ড—উভয় ক্লাবেই ওয়াইল্ডারের অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ওয়াইল্ডার ইতিপূর্বে হামজার মানসিক শক্তি ও দলকে লড়াইয়ে ফেরানোর সক্ষমতার ভূয়সী প্রশংসা করেছিলেন। এছাড়া মাঝমাঠের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেও হামজাকে দলে রাখছে ব্লেডরা, কারণ আগামী গ্রীষ্মেই চুক্তি শেষ হচ্ছে জো রথওয়েল ও জাইরো রিডেওয়াল্ডের এবং কালভিন ফিলিপসও বর্তমানে ধারে খেলছেন।

/এএ 

Logo