×
Logo

খেলাধুলা

বেঞ্চের খেলোয়াড়দের নৈপুণ্যে পার্মাকে হারালো য়্যুভেন্টাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:১৩ এএম

বেঞ্চের খেলোয়াড়দের নৈপুণ্যে পার্মাকে হারালো য়্যুভেন্টাস

বদলি খেলোয়াড় নিকো গঞ্জালেজ ও তেউন কুপমেইনার্সের গোলে পার্মাকে ২-০ ব্যবধানে হারিয়েছে য়্যুভেন্টাস। ফলে ইতালিয়ান সিরি আ’র নতুন মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেল লুসিয়ানো স্পালেত্তির দল।

শনিবার (২৯ আগস্ট) য়্যুভেন্টাসের ঘরের মাঠ তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।  

ম্যাচের শুরু থেকেই বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিল য়্যুভেন্টাস। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। ৫৭ মিনিটে মাঠে নামেন নিকো গঞ্জালেজ। বদলি হিসেবে নামার মাত্র পাঁচ মিনিট পরই গোলের খুব কাছে চলে যান তিনি। পার্মার গোলরক্ষক এদুয়ার্দো কোরভির দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায় সফরকারীরা।

এর দুই মিনিট পর আবারও গোলের সুযোগ তৈরি করেন ২৮ বছর বয়সী গঞ্জালেজ। এবার কোরভিকে পরাস্ত করলেও তার শট লাগে পোস্টে। ফিরতি বল নিজেই নিয়ন্ত্রণে নিয়ে য়্যুভেন্টাসের এই ফরোয়ার্ড জোরালো শট নেন। বলটি পার্মার ডিফেন্ডার মারিয়ানো ত্রয়েলোর গায়ে লেগে জালে জড়ায়। এতে ৬৪ মিনিটে এগিয়ে যায় য়্যুভেন্টাস।

ম্যাচের শেষ দিকে আন্দ্রেয়া কামবিয়াসো চোট পাওয়ায় ৮৭ মিনিটে মাঠে নামেন আরেক বদলি খেলোয়াড় কুপমেইনার্স। মাত্র এক মিনিট পরই দলের ব্যবধান দ্বিগুণ করেন ডাচ মিডফিল্ডার। গোলমুখে ফিরে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠিয়ে নিশ্চিত করেন য়্যুভেন্টাসের ২-০ ব্যবধানের জয়।

এদিকে দিনের অন্য ম্যাচে সদ্য উন্নীত ফ্রোসিনোনে ৩-০ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে। ফিওরেন্তিনার শতবর্ষ উদযাপনের দিনে জোড়া গোল করেছেন ফ্রোসিনোনের আন্তোনিও রাইমন্ডো।

মোঞ্জাকে ৩-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেয়েছে উদিনেজে। আর ৭৮ মিনিটে ডোমেনিকো বেরার্দির জয়সূচক গোলে তোরিনোকে ২-১ গোলে হারিয়েছে সাসুওলো।

সিরি আ’র দ্বিতীয় সপ্তাহের আরও ১০টি ম্যাচ বাকি থাকলেও এখন পর্যন্ত ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এসি মিলান ও য়্যুভেন্টাস।

/এনএ 


Logo