ইমরান খানের মুক্তির দাবিতে কান্নায় ভেঙে পড়লেন মিয়াঁদাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও দীর্ঘদিনের সতীর্থ ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে আবেগাপ্লুত হয়েছেন জাভেদ মিয়াঁদাদ। সাবেক সতীর্থকে একজন সৎ মানুষ দাবি করে কান্নায় ভেঙে পড়লেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার।
১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সতীর্থ ছিলেন ইমরান ও মিয়াঁদাদ। দুজন একসাথে দলের হয়ে খেলেছেন ৭৮টি টেস্ট।
পাকিস্তানের সাংবাদিকদের প্ল্যাটফর্ম ‘ন্যারেটিভস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেন, ইমরান খান একজন সৎ মানুষ এবং তাকে তিনি খুব ভালোভাবে চেনেন। পাকিস্তানের স্বার্থে আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতির সমাধান করে তার মুক্তির আহ্বান জানান পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার।
অতীতে ইমরানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করলেও এবার তার কথা বলতে গিয়ে নিজেকে ধরে রাখতে পারেননি মিয়াঁদাদ। অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, ইমরানের জন্য যা সঠিক, সেটিই প্রতিষ্ঠিত হোক। মতপার্থক্য ভুলে পাকিস্তানের স্বার্থে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
১৯৯২ বিশ্বকাপ জয়ের পর খেলা ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেন ইমরান খান। তাকে বিবেচনা করা হয় পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান।
/এএম