মারকুইনোসের শেষ মুহূর্তের গোলে লিলের সঙ্গে ২-২ এ ড্র পিএসজির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:৪৬ এএম
শেষ মুহূর্তের গোলে লিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ম্যাচের যোগ করা সময়ে গোল করে দলের হার এড়ান মারকুইনোস।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে ২১ মিনিটে হাকন আরনার হারাল্ডসনের গোলে এগিয়ে যায় লিল। অলিভিয়ের জিরুর দারুণ পাস থেকে বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন আইসল্যান্ডের এই মিডফিল্ডার।
গোল শোধে মরিয়া পিএসজি একের পর এক আক্রমণ করলেও লিলের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না। উল্টো ৮৪ মিনিটে দিলানে বাকওয়া গোল করলে জয় প্রায় নিশ্চিত করে স্বাগতিকরা।
তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে দুর্দান্ত এক শটে পিএসজিকে ম্যাচে ফেরান ভিতিনিয়া। এরপর ৯৫ মিনিটে ভিতিনিয়ার ক্রস থেকে হেডে সমতা ফেরান মারকুইনোস।
রেনের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও ২-২ গোলে ড্র করেছিল পিএসজি। ফলে দুই ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে তারা। অন্যদিকে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে লিল।
/এনএ