×
Logo

খেলাধুলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচারে মাঠে না নামার হুমকি দিয়েছিলো পিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০২:৪৪ পিএম

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচারে মাঠে না নামার হুমকি দিয়েছিলো পিসিবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও অধিনায়ক ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি প্রতিবাদে লর্ডস টেস্টের দ্বিতীয় সেশনে পাকিস্তান দলকে মাঠে না নামানোর কথাও বিবেচনা করেছিল বোর্ড। শেষ পর্যন্ত অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।

চলমান ইংল্যান্ড-পাকিস্তান লর্ডস টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির সময় ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করে স্কাই স্পোর্টস। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটনের নেওয়া ১৮ মিনিটের ওই সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। এমনকি কারাগারে ইমরানের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেন দুই ভাই।

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছিলেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার, কপিল দেব, অ্যালান বোর্ডার, ক্লাইভ লয়েডদের পাশাপাশি ওই তালিকায় ছিলেন মাইকেল অ্যাথারটনও।

চিঠির জবাব না এলেও ইমরানের বিষয়ে সরব রয়েছেন তার সাবেক সতীর্থ ও ক্রিকেট বিশ্বের অনেকেই। এরই ধারাবাহিকতায় লর্ডস টেস্টের প্রথম দিন ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার নেন অ্যাথারটন। ম্যাচ শুরুর আগেই ওই সাক্ষাৎকারের টিজারও প্রকাশ করা হয়।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারটি প্রচারের আগে স্কাই স্পোর্টসকে নিজেদের আপত্তির কথা জানায় পিসিবি। কিন্তু বোর্ডের আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই। পরে এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ জানায় পিসিবি।

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে লাঞ্চ বিরতির পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর মতো কঠোর সিদ্ধান্তও বিবেচনা করেছিল পিসিবি। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। নির্ধারিত সময়েই দ্বিতীয় সেশনে মাঠে নামে পাকিস্তান।

ইমরান খানের দুই ছেলে অভিযোগ করেছেন, কারাগারে তাদের বাবার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তারা দাবি করেন, ইমরান দীর্ঘ সময় একাকী অবস্থায় থাকছেন এবং তার চিকিৎসা নিয়েও উদ্বেগ রয়েছে। তবে পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কারাগারে ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কাসিম ও সুলাইমান ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের সন্তান। যারা বর্তমানে মায়ের সঙ্গে যুক্তরাজ্যেই থাকেন। 

/এনএ 


Logo