×
Logo

খেলাধুলা

মায়ামিতে নতুন কোচ, মেসিদের ডাগআউট সামলাবেন কিলি গঞ্জালেজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

মায়ামিতে নতুন কোচ, মেসিদের ডাগআউট সামলাবেন কিলি গঞ্জালেজ

মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির কোচের পদে পরিবর্তন এসেছে। ফ্লোরিডার ক্লাবটিতে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির স্বদেশি ক্রিস্তিয়ান আলবার্তো ‘কিলি’ গঞ্জালেজকে।

অন্তর্বর্তীকালীন কোচ গিয়ের্মো হোয়োসের অধীনে বিশ্বকাপের বিরতি-পরবর্তী সময়ে টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছিল মায়ামি। সেই ধাক্কা সামলে দলকে আবার জয়ের ধারায় ফেরানোই হবে ৫২ বছর বয়সী কিলির প্রধান চ্যালেঞ্জ, যার মেসির মতোই আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম।

শুক্রবার (২৮ আগস্ট) ক্লাবটির এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, ‘ইন্টার মায়ামি সিএফ আজ নিশ্চিত করছে যে, মূল দলের নতুন প্রধান কোচ হিসেবে ক্রিস্তিয়ান আলবার্তো ‘কিলি’ গঞ্জালেজের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে।’

গঞ্জালেজ বর্তমানে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতিপত্রের (ওয়ার্ক পারমিট) অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছেন। ততদিন পর্যন্ত হোয়োসই মেসিদের দায়িত্ব সামলাবেন।

খেলোয়াড় হিসেবে কিলি বেশ নামকরা ছিলেন। ১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৫৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি, গোল করেন নয়টি। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সাবেক এই উইঙ্গারের। ভ্যালেন্সিয়ার হয়ে ২০০২ সালে স্প্যানিশ লা লিগা ও ইন্টার মিলানের হয়ে ২০০৬ সালে ইতালিয়ান সিরি আ জেতেন তিনি।

নিজের বুটজোড়া তুলে রাখার নয় বছর পর ২০২০ সালে কোচিং পেশায় আসেন কিলি। মায়ামির দায়িত্ব নেওয়ার আগে রোসারিও সেন্ট্রালসহ আর্জেন্টিনার তিনটি ক্লাবের ডাগআউট সামলেছেন তিনি।

/এমএইচআর

Logo