সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডে এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়ালো চেলসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৫৩ এএম
ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা থেকে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ৭৫ লাখ পাউন্ডে (প্রায় ১২৬ কোটি টাকা) দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে চেলসি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে দুই বছরের চুক্তি সম্পন্ন করে ক্লাবটি।
এর মধ্য দিয়ে ভিলায় মার্টিনেজের ছয় বছরের অধ্যায়েরও ইতি ঘটছে। গত বুধবার চেলসির সঙ্গে যোগাযোগ করেন তার প্রতিনিধিরা। এরপর দ্রুতই আলোচনা এগিয়ে নিয়ে চুক্তি চূড়ান্ত করে দুই পক্ষ। ধারণা করা হচ্ছে, চেলসির মূল একাদশে গোলরক্ষক হিসেবে দায়িত্ব নেবেন মার্টিনেজ।
চলতি দলবদলের মৌসুমে জাপানের জাতীয় দলের গোলরক্ষক জিওন সুজুকিকে দলে ভেড়ানোর পর থেকেই মার্টিনেজকে বিক্রি করতে আগ্রহী ছিল ভিলা। আগস্টের শুরুতে জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত সেই চুক্তি ভেস্তে যায়।
এদিকে চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সোমবার ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে প্রতিপক্ষের জশ কিংয়ের তুলনামূলক সহজ শট ঠেকাতে ব্যর্থ হন সানচেজ।
সাবেক লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাগারও সানচেজের সমালোচনা করেছেন। স্কাই স্পোর্টসে তিনি বলেন, সানচেজকে গোলপোস্টে রেখে চেলসির পক্ষে লিগ জেতা ‘অসম্ভব’।
আরেক সাবেক ইংলিশ তারকা গ্যারি নেভিলও মনে করেন, চেলসির নতুন গোলরক্ষক প্রয়োজন। তার মতে, দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে এটিই চেলসির স্কোয়াডের শেষ বড় ঘাটতি।
সানচেজের অনিয়মিত পারফরম্যান্সের কারণে এর আগেও একাধিক কোচ তাকে দল থেকে বাদ দিয়েছেন। ২০২৪ সালে মরিসিও পচেত্তিনো তার জায়গায় তুলনামূলক অনভিজ্ঞ সার্বিয়ান গোলরক্ষক জর্জে পেত্রোভিচকে খেলিয়েছিলেন। এনজো মারেস্কা ও লিয়াম রোজেনিয়রও বিভিন্ন সময়ে সানচেজকে একাদশের বাইরে রেখেছেন।
এর আগে, ২০২০ সালে আর্সেনাল থেকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্টিনেজ। ভিলার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতেছেন তিনি।
এখন চেলসির হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই আর্জেন্টাইন তারকা সেটাই দেখার বিষয়।
/এনএ