এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনায় চেলসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম
ট্রান্সফার উইন্ডোর শেষ সময়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনা করছে চেলসি। আগামী ১ সেপ্টেম্বর ট্রান্সফার ডেডলাইনের আগে নতুন এক নম্বর গোলরক্ষক দলে নেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন চেলসির নতুন কোচ জাবি আলোনসো।
বুধবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।
গত সোমবার রাতে ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়। তার পারফরম্যান্সে দীর্ঘদিন ধরেই সন্তুষ্ট নন চেলসি সমর্থকদের একাংশ। এর মধ্যেই মার্টিনেজকে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তাকে দলে নেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
এদিকে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজের অ্যাস্টন ভিলায় ভবিষ্যৎ নিয়ে পুরো গ্রীষ্মজুড়েই অনিশ্চয়তা ছিল। জাপানের জাতীয় দলের গোলরক্ষক জিওন সুজুকিকে ৩০ মিলিয়ন পাউন্ডে দলে নেওয়ার পর ভিলায় মার্টিনেজের জায়গা আরও অনিশ্চিত হয়ে পড়ে।
৩৩ বছর বয়সী মার্টিনেজ, এর আগে আর্সেনালের গোলরক্ষক ছিলেন। গত ১২ মাসে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসেও যাওয়ার কাছাকাছি ছিলেন তিনি। তবে এবার চেলসিতে তার যোগ দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে।
চেলসি ও অ্যাস্টন ভিলার মালিকপক্ষের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এরই মধ্যে মর্গান রজার্সের দলবদল নিয়ে দুই ক্লাবের মধ্যে চুক্তি হয়েছে। এছাড়া ইউরোপা লিগজয়ী চেলসিতে নিকোলাস জ্যাকসনের সম্ভাব্য দলবদল নিয়েও আলোচনা চলছে।
অ্যাস্টন ভিলার মূল দলের বাইরে আলাদাভাবে অনুশীলন করছেন মার্টিনেজ। গত রোববার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেও দলে রাখা হয়নি তাকে।
মার্টিনেজের পাশাপাশি স্ট্রাইকার অলি ওয়াটকিন্সও যদি ভিলা ছাড়েন, তাহলে গত মে মাসে ইস্তাম্বুলে ফ্রেইবুর্গকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনাল জেতা অ্যাস্টন ভিলার শুরুর একাদশের ছয়জন খেলোয়াড়ই এ গ্রীষ্মে ক্লাব ছাড়বেন।
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে ১৭ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে মার্টিনেজকে দলে নিয়েছিল অ্যাস্টন ভিলা। এরপর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জেতার পাশাপাশি দুটি ইয়াশিন ট্রফি ও দুটি বেস্ট ফিফা মেনস গোলকিপার পুরস্কার পেয়েছেন তিনি। ভিলার হয়ে জিতেছেন ইউরোপা লিগও।
তবে গত মৌসুমেই মার্টিনেজের ভবিষ্যৎ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম তাকে দলে নিতে আগ্রহী ছিলেন। এমনকি দলবদলের শেষ দিনেও ম্যানচেস্টার ইউনাইটেডের ফোনের অপেক্ষায় ছিলেন মার্টিনেজ। শেষ পর্যন্ত সেই ফোন আর আসেনি এবং ভেস্তে যায় দলবদল।
এদিকে, গেল মে মাসে ফ্রেইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে মার্টিনেজ বলেছিলেন, ফুটবলে কখনো কখনো সবকিছু বদলে যায়। কোচরা আসেন, চলে যান। ফুটবলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এর মানে এই নয় যে ক্লাবটির প্রতি আমার সম্মান কমে গেছে। অ্যাস্টন ভিলার প্রতি আমার প্রতিশ্রুতি আছে। আমি সবসময়, চিরকাল এই ক্লাবকে ভালোবাসব।
/এনএ