টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ডের মুকুট ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। মাঠে সাফল্য কমলেও এক বছরে লস ব্ল্যাঙ্কোসদের ব্র্যান্ড মূল্য বেড়েছে ২৫ শতাংশ। তবে এবারের তালিকায় বড় চমক আর্সেনাল। ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার সুবাদে এই অর্জন গার্নারদের।
রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পর্যালোচনায় দেখা যায়, মাঠে শিরোপা জয়ের ধারাবাহিকতা নেই ক্লাবটির। তবে, বাণিজ্যিক ফুটবলে রিয়াল মাদ্রিদ যেন একাই এক লিগ। ব্র্যান্ড ফাইন্যান্সের হিসাব বলছে, এক বছরে ২৫ শতাংশ বেড়ে লস ব্ল্যাঙ্কোসদের ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ২৪০ কোটি ইউরো, যা প্রায় ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ডের মুকুট ধরে রেখেছে এই স্প্যানিশ জায়ান্টরা।
অবশ্য রিয়ালের এই আধিপত্যের পেছনে বড় ভূমিকা রেখেছে পুনর্নির্মিত সান্তিয়াগো বার্নাব্যু। ২০২৫-২৬ মৌসুমে পূর্ণ সক্ষমতায় স্টেডিয়াম ব্যবহারের ফলে টিকিট, আতিথেয়তা, মিউজিয়াম ও ট্যুরিজম থেকে বেড়েছে আয়। সেই সাথে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারাও।
লস ব্ল্যাঙ্কোসদের পর দ্বিতীয় স্থানে আছে রয়েছে বার্সেলোনা। গত মৌসুমে ঘরোয়া সাফল্য, ক্যাম্প ন্যুতে ফেরার প্রভাব, স্পনসরশিপ ও ই-কমার্স বিক্রি, সব মিলিয়ে কাতালান ক্লাবটির ব্র্যান্ড মূল্য বেড়েছে ১৫ শতাংশ।
তবে এবারের তালিকার সবচেয়ে বড় চমক আর্সেনাল। ২২ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে তারা। তার ওপর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নেয়া। দুর্দান্ত এই মৌসুমের প্রভাব পড়েছে বাণিজ্যিক মূল্যেও। ২৮ শতাংশ বেড়ে আর্সেনালের ব্র্যান্ড মূল্য এখন প্রায় ১৫০ কোটি ইউরো, যা ক্লাবটিকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বসেরা তিন ব্র্যান্ডের তালিকায় তুলে দিয়েছে।
তালিকার ৪ নম্বরে বায়ার্ন মিউনিখ, যাদের ব্র্যান্ড মূল্য প্রায় ১৭৪ কোটি ৮০ লাখ ডলার। বুন্দেসলিগা, জার্মান কাপ ও সুপার কাপ; ঘরোয়া ট্রেবল জয়ের সাফল্যও তাদের বাণিজ্যিক শক্তিকে আরও বাড়িয়েছে।
এতে পাঁচ নম্বরে আছে পিএসজি। প্রায় ১৭৩ কোটি ৪০ লাখ ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে ফরাসি ক্লাবটি জায়গা ধরে রেখেছে। এরপরের তিন জায়গায় ইংলিশ ফুটবলের তিন পরাশক্তি। ১৭০ কোটি ৯০ লাখ ডলারে ম্যানচেস্টার সিটি; ১৬৯ কোটি ৫০ লাখ ডলারে লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেডের ব্র্যান্ড মূল্য ১৬৫ কোটি ৯০ লাখ ডলার। এই তালিকায় ৯ ও ১০ নম্বরে রয়েছে যথাক্রমে চেলসি ও বরুসিয়া ডর্টমুন্ড।
/এমএইচআর