লা লিগায় দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন অধিনায়ক রাফিনিয়া। এরপর যোগ করা সময়ে রাফিনিয়ার থ্রু বল থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে নিজের অভিষেক রাঙান জার্মান উইঙ্গার কারিম আদেইমি।
বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে বার্সেলোনা। বদলি হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অ্যান্থনি গর্ডন। তার পাস থেকেই ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। চার মিনিট পর গর্ডনের আরেকটি দারুণ পাস থেকে সহজেই বল জালে পাঠান ফের্মিন লোপেস। ৭৯তম মিনিটে বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণ করে নিজের দ্বিতীয় গোলটিও করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
/এসআইএন