×
Logo

খেলাধুলা

ম্যাকাই টেস্ট

স্টার্কের বোলিং তোপে মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:৩৫ এএম

স্টার্কের বোলিং তোপে মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ

ম্যাকাইতে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। স্টার্কের মাত্র ১০ ওভারের স্পেলেই তছনছ হয়ে যায় টাইগারদের ব্যাটিং লাইনআপ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর। ম্যাচের প্রথম দিন দ্বিতীয় সেশনের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে মাত্র ৩৪ ওভারে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

শনিবার (২২ আগস্ট) টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অধিনায়কের সিদ্ধান্তের পূর্ণ সদ্ব্যবহার করেন স্টার্ক। সকালের সেশনের প্রথম ৭ ওভারের মধ্যেই মাত্র ১২ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। টপ অর্ডারের ছয় ব্যাটারের মধ্যে চারজনই ফেরেন শূন্য রানে। মাত্র ২২ বলের ব্যবধানে এই ৫টি উইকেটই তুলে নেন স্টার্ক।

নতুন বলে গতি ও লেট সুইংয়ের দারুণ প্রদর্শনী দেখিয়ে টেস্ট ক্যারিয়ারে ডেল স্টেইনের ৪৩৯ উইকেটের রেকর্ড ছাড়িয়ে যান স্টার্ক। ইনিংসে মাত্র ১২ রান দিয়ে ৬টি উইকেট নেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন ১১ নম্বর ব্যাটার শরিফুল ইসলাম। শেষ ৫ ব্যাটার মিলে যোগ করেন ৪৭ রান।

ম্যাচের প্রথম বলেই ওপেনার সাদমান ইসলামকে শূন্য রানে গালিতে ক্যামেরন গ্রিনের ক্যাচ বানান স্টার্ক। ক্যারিয়ারে চতুর্থবারের মতো টেস্টের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি দেখালেন স্টার্ক। এর আগে তার করা প্রথম বলে আউট হয়েছিলেন, দিমুথ করুনারত্নে, রোরি বার্নস ও যশস্বী জয়সওয়াল। অন্যদিকে হান্নান সরকারের (৩ বার) পর দ্বিতীয় বাংলাদেশি ওপেনার হিসেবে টেস্টের প্রথম বলে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত নজির গড়লেন সাদমান।

পরের ওভারে কোনো রান না করেই দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন আগের টেস্টে সেঞ্চুরি পাওয়া তানজিদ হাসান তামিম। ডারউইনে প্রথম ইনিংসে ঝলক দেখানোর পর এটি তার টানা দ্বিতীয় 'ডাক'। পরের বলেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন স্টার্ক। রিভিউ নিয়েও আম্পায়ার্স কল থাকায় রক্ষা পাননি শান্ত। মুশফিকুর রহিম অবশ্য হ্যাটট্রিক ঠেকিয়ে দেন।

এরপর কোনো ফুটওয়ার্ক ছাড়াই খেলতে গিয়ে গালিতে গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল হক। পরের ওভারে লিটন দাসকে এলবিডব্লিউ করে নিজের ৫ উইকেট পূর্ণ করেন স্টার্ক। এর আগের বলেই লিটনের সহজ ক্যাচ স্লিপে ফেলেছিলেন ওয়েবস্টার। মাত্র ১২ রানে ৫ উইকেট হারিয়ে টেস্টে নিজেদের ইতিহাসের নিকৃষ্টতম সূচনার রেকর্ড গড়ে বাংলাদেশ।

মুশফিকুর রহিম ৪১ বল টিকলেও প্যাট কামিন্সের ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। এরপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ প্রথম সেশনের বাকি সময় পার করে দেন। লাঞ্চের সময় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৫ রান।

লাঞ্চের পরপরই মিরাজকে আউট করেন কামিন্স। ৭ নম্বরে নেমে দলের প্রথম ব্যাটার হিসেবে দুই অঙ্কের ঘরে পৌঁছান মিরাজ। এরপর হাসান মাহমুদকে হ্যাজলউড এবং তাসকিন আহমেদকে ফেরান কামিন্স।

শেষ দিকে শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের বাউন্ডারিতে ভর করে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোরের (৪৩ রান) লজ্জা এড়ায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করা শরিফুলকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ইনিংসের ইতি টানেন স্টার্ক।

/এনএ 

Logo