গলে বৃষ্টির শঙ্কা উড়িয়ে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৫ রানের দাপুটে জয় পেল শুভমান গিলের দল। সফরকারীদের বাঁহাতি স্পিনার মানব সুতারের ঘূর্ণিতে মাত্র ২০৬ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
৩৭২ রানের লক্ষ্য তাড়ায় শেষ দিনে ৮৪ রানে ৪ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশার ৯৫ রানের জুটিতে লড়াইয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত ২০৬ রানে অলআউট হয় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলা দিনুশা করেন ৮৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন ধনঞ্জয়া।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেন ভারতের মানব সুতার। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৫ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে তার শিকার ছিল চার উইকেট। সব মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়ে ভারতের ১৬৫ রানের জয় নিশ্চিত করেন এই তরুণ স্পিনার।
গল টেস্ট ছিল ভারতের ৬০০তম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে রোববার (২৩ আগস্ট) কলম্বোয়।
/এএম