বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানিজিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:০৩ এএম
নব্বইয়ের দশকে দিয়েগো ম্যারাডোনার সতীর্থ হিসেবে বিশ্বকাপ মাতিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া। সোমবার (১৭ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ক্যানিজিয়া। তার বিশ্বাস, একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে বাংলাদেশ।
ম্যারাডোনার সঙ্গে খেলেছেন, আবার টেলিভিশনের পর্দায় কিংবা মাঠে বসে দেখেছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির খেলা। ফুটবলের এই দুই মহাতারকার মধ্যে কে সেরা—এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন সাবেক এই আর্জেন্টাইন তারকা। বলেন, পেলে, ম্যারাডোনা ও মেসি—ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তিনজন। ব্রাজিলের একজন পেলে আছে, আর আমাদের আছে দুজন। একজন আর্জেন্টাইন হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।

বাংলাদেশের ফুটবল প্রসঙ্গে ক্যানিজিয়া বলেন, তরুণ ফুটবলার হামজা চৌধুরীর মতো খেলোয়াড় দেশের জন্য বড় সম্পদ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা যেকোনো খেলোয়াড়ই জাতীয় দলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তিনি। বলেন, হামজা এখনও তরুণ। প্রিমিয়ার লিগে খেলে আসা একজন খেলোয়াড় পাওয়া যেকোনো দেশের জন্যই দারুণ বিষয়। ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতা দল গঠনে বিশাল ভূমিকা রাখে। বিদেশে খেলোয়াড় রফতানি না করলে বড় দল হওয়া কঠিন। আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো দলগুলোও এভাবেই বড় হয়েছে।
বিশ্বকাপে জায়গা করে নেওয়া কখনও সহজ নয় বলে জানান আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া। বলেন, তবে গত ১০ থেকে ২০ বছরে বিশ্বের অনেক দেশ নিজেদের ফুটবলের উন্নয়ন করেছে। বাংলাদেশও সেই পথে এগোতে পারে।
তার মতে, ভবিষ্যতে বিশ্বকাপে দলের সংখ্যা আরও বাড়তে পারে। তাই বাংলাদেশও বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে পারে। এজন্য প্রয়োজন সরকারের সহযোগিতা, উন্নত কোচিং ব্যবস্থা এবং খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা।
সবশেষে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করে ক্যানিজিয়া বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে।
/এসআইএন