×
Logo

খেলাধুলা

দিনুশার সেঞ্চুরির পরও ২৮৪ রানে অলআউট শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম

দিনুশার সেঞ্চুরির পরও ২৮৪ রানে অলআউট শ্রীলঙ্কা

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের নিয়ন্ত্রণ সুদৃঢ় করেছে সফরকারী ভারত। ভারতের করা প্রথম ইনিংসে ৪৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসেই ১৭৮ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে ভারত।

তৃতীয় দিনের শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দলীয় মাত্র ৯০ রানেই টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। সেখান থেকে ষষ্ঠ উইকেটে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন সোনাল দিনুশা ও নিরোশান ডিকভেলা।

দুজনের অসাধারণ লড়াইয়ে ষষ্ঠ উইকেটে যোগ হয় ১৪৬ রান। ডিকভেলা ব্যক্তিগত ৮০ রানে ফিরে গেলেও অন্যপ্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৬৮ বলে অনবদ্য এক সেঞ্চুরি তুলে নেন সোনাল দিনুশা। তবে এই জুটি ভাঙার পর বাকি ব্যাটাররা বেশিক্ষণ টিকতে না পারলে ২৮৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

ভারতের পক্ষে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়ে মাত্র ৭৬ রানে ৪টি উইকেট শিকার করেন স্পিনার মানব সুথার। এছাড়া অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা নেন ৩টি উইকেট। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব একটি করে উইকেট লাভ করেন। এর আগে ওপেনার দেবদূত পাড্ডিক্যালের দারুণ সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৬২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত।

/এএ 

Logo