×
Logo

খেলাধুলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যা করতে হবে টাইগারদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:০৯ এএম

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যা করতে হবে টাইগারদের

ডারউইনের মাঠে বাংলাদেশের যে জয় এল, তা শুধু এক ম্যাচের ফল নয়; টাইগারদের ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায়। স্বাগতিক অজিদের ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে পরাজিত করল। লাল-সবুজ জার্সিতে টাইগারদের এই বিশাল জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বড় পরিবর্তন এনেছে।

৫ ম্যাচে তিন জয় ও এক ড্র নিয়ে বাংলাদেশের পয়েন্ট পারসেন্টেজ এখন ৬৬.৬৭। পয়েন্টস টেবিলের তারা চতুর্থ স্থানে উঠে এসেছে নাজমুল শান্তর দল। তাদের উপরে শুধু অস্ট্রেলিয়া (৭৭.৭৮%), দক্ষিণ আফ্রিকা (৭৫%) ও নিউজিল্যান্ড (৭২.২২%)। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলগুলোকে পেছনে ফেলেছে মিরাজ-হাসানরা।

তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে টেবিলের শীর্ষ দুই স্থা্নে থাকতে হবে। সাধারণত ৬৫ শতাংশের বেশি পয়েন্ট ধরে রাখতে হবে। বাংলাদেশ এখন সেই অবস্থানেই আছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে এখনো আরও একটি ম্যাচ বাকি বাংলাদেশের। এই চক্রে বাংলাদেশের অপেক্ষা করছে আরও কয়েকটি কঠিন পরীক্ষা। সামনে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। এই সিরিজগুলোতে প্রতিটি দলের সঙ্গেই দুটি করে টেস্ট খেলার কথা বাংলাদেশের। ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এই ম্যাচগুলোতে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ পয়েন্ট নিশ্চিত করতে হবে।

পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলোর দিকেও নজর রাখতে হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড যখন নিজেদের মধ্যে মুখোমুখি হবে, তখন পয়েন্ট হাতবদলের সুযোগ কাজে লাগিয়ে আরও ওপরে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।

উল্লেখ্য, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ উঠবে কি না, তা সময়ই বলে দেবে। তবে এই মৌসুমে বাংলাদেশ যেন অপ্রতিরোধ্য। আগামী বছরের জুনে ওভালে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে দেখতে চাওয়াটা এখন আর বাড়াবাড়ি নয়। সাম্প্রতিক পারফরম্যান্স সেই প্রমাণ দিয়েই চলেছে।

/এমএইচআর

Logo