×
Logo

খেলাধুলা

পেনাল্টি মিসের হ্যাটট্রিক মেসির, দলও হেরেছে বড় ব্যবধানে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০২:২৫ পিএম

পেনাল্টি মিসের হ্যাটট্রিক মেসির, দলও হেরেছে বড় ব্যবধানে
পেনাল্টি মিসের হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। তার পেনাল্টি মিসের খেসারত দিয়েছে তার দল ইন্টার মায়ামি। রোববার (১৬ আগস্ট) শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরেছে ফ্লোরিডার ক্লাবটি।

এই ম্যাচে পরাজয়ের মাধ্যমে মায়ামিও হ্যাটট্রিক করেছে হারের। এই নিয়ে টানা তিন ম্যাচে হারল দলটি। মেসি এই নিয়ে টানা তিন পেনাল্টি মিস করলেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুটি পেনাল্টি মিস করেছিলেন তিনি। একটি গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে, অন্যটি শেষ ষোলোয় মিশরের বিপক্ষে।

অপরদিকে, এমএলএসে প্রায় এক বছর পর মেসি প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বরে সবশেষ পেনাল্টি মিস করেছিলেন তিনি।

লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর এই ম্যাচে নেমেছিল মায়ামি। জিতলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ড টেবিলে ন্যাশভিলকে টপকে শীর্ষে উঠত তারা। কিন্তু হেরে যাওয়ায় বাকি ১৫ ম্যাচে এখন পাঁচ পয়েন্টে এগিয়ে থাকল ন্যাশভিল।

এর আগে, লিগস কাপে টানা দুই ম্যাচ হেরে নকআউট পর্বে ওঠার আগেই বাদ পড়ে মায়ামি। তবে সেই দুই হারে মেসি বা স্ট্রাইকার লুইস সুয়ারেজ কেউই শুরুর একাদশে ছিলেন না।

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শনিবার প্রথমবারের মতো শুরুর একাদশে ফেরেন মেসি। মন্টেরির বিপক্ষে ম্যাচ মিস করার পর বুধবার লিওনের বিপক্ষে হারের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন আর্জেন্টাইন এ সুপারস্টার।

/এমএইচআর

Logo