একনজরে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের তালিকা দেখুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম
বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এসেছিল ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
এই জয়ের মধ্য দিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের তালিকায় যুক্ত হলো অস্ট্রেলিয়ার নামও। এর আগে নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। একনজরে দেখে নেওয়া যাক, বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের তালিকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয় (২০২৬)
ডারউইনে নতুন ইতিহাস রচনা করলো বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ১-০'তে এগিয়ে গেল টাইগাররা। অজিদের দেওয়া ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
ওয়েষ্ট ইন্ডিজ বিপক্ষে ১০১ রানের জয় (২০২৪)
ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে ১৫ বছর পর ক্যারিবীয়দের মাটিতে টেস্ট জিতে বাংলাদেশ। জ্যামাইকায় এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। তৃতীয় ইনিংসে নাহিদ রানা ৫ উইকেট নেন, আর শেষ ইনিংসে তাইজুল ইসলাম ৫০ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রানে অলআউট করেন।
পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয় (২০২৪)
১০ উইকেটে জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। একইসঙ্গে, টেস্টে এটাই ছিল বাংলাদেশের প্রথম ১০ উইকেটের জয়। প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ১৯১ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে সফরকারী বাংলাদেশ ৫৬৫ রান সংগ্রহ করে। এরপর দ্বিতীয় ইনিংসে স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান মিলে ৭ উইকেট নিয়ে স্মরণীয় এই জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন।
পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় (২০২৪)
ঐতিহাসিক ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পথে ১০ উইকেটের সেই অবিস্মরণীয় জয়ের পর আরও একটি স্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারানোর ধাক্কা সামলে লিটন দাসের ১৩৮ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ ২৬২ রান সংগ্রহ করে। এরপর দ্বিতীয় ইনিংসে কয়েকটি কার্যকর ছোট ইনিংসের সহায়তায় ৬ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের জয় (২০২২)
মাউন্ট মঙ্গানুইয়ে তৎকালীন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী নিউজিল্যান্ডকে চমকে দিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। দেশটির মাটিতে এটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ম্যাচের দ্বিতীয় ইনিংসে পেসার এবাদত হোসেনের দুর্দান্ত ৬ উইকেট শিকার বাংলাদেশের জয়ের পথ তৈরি করে দেয়। শেষ পর্যন্ত ৮ উইকেটে জয় পায় টাইগাররা।
জিম্বাবুয়ের বিপক্ষে ২২০ রানের জয় (২০২১)
হারারে একমাত্র টেস্টের শেষ দিনে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। জয়ের জন্য প্রয়োজন ছিল জিম্বাবুয়ের ৭ উইকেট। প্রথম সেশনেই চার উইকেট তুলে নেয় টাইগাররা। এরপর দ্বিতীয় সেশনে আরও তিন উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ২৫৬ রানে অলআউট করে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে ২১৭ রানের জয় (২০১৭)
শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে ২১৭ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। ২০১৭ সালে নিজেদের শততম টেস্টে এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে শততম টেস্টে জয় পাওয়ার কীর্তি গড়ে টাইগাররা। ঐতিহাসিক ম্যাচে সাকিব আল হাসানের ছিল অলরাউন্ড নৈপুণ্য—সেঞ্চুরির পাশাপাশি বল হাতে নেন ৪ উইকেট।
জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৩ রানের জয় (২০১৩)
জিম্বাবুয়ের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছিল বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ১৪৩ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ৪০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ২৫৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৫ রানের জয় (২০০৯)
কিংস্টাউনে ওয়েস্ট ইন্ডিজকে ৯৫ রানে হারিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় আসে ২০০৯ সালে। ম্যাচের শেষ দিনে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটের জয় (২০০৯)
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেয় টাইগাররা। বিদেশের মাটিতে এটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়।
/এসআইএন