কমিউনিটি শিল্ড ফাইনালে রাতে মুখোমুখি আর্সেনাল-ম্যানসিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম
ইংলিশ ফুটবলে শুরু হচ্ছে নতুন মৌসুমের রোমাঞ্চ। কমিউনিটি শিল্ডের ফাইনালে আজ মুখোমুখি হবে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। প্রাক মৌসুমের প্রস্তুতিতে আর্সেনালের ছন্দহীনতা চিন্তায় রাখলেও গানারদের আত্মবিশ্বাস জোগাচ্ছে সুপার কাপের অতীতের মধুর স্মৃতি। অন্যদিকে নতুন কোচ এনজো মারেস্কার অধীনে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে সিটিজেনরা।
রোববার (১৬ আগস্ট) কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
তবে মাঠে নামার আগে গানার শিবিরের কপালে চিন্তার ভাঁজ। প্রাক মৌসুমে ৪ ম্যাচের মাত্র ১টিতে জয় মিকেল আর্তেতার শিষ্যদের ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। যদিও ডর্টমুন্ড এবং কোমোর বিপক্ষে টাইব্রেকারে স্নায়ুর লড়াইয়ে জিতেছে তারা। তবুও সিটির দুর্গে হানা দেওয়ার আগে প্রশ্ন উঠছে আর্সেনালের প্রস্তুতি নিয়ে।আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, 'এটি গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এটি একটি ট্রফির লড়াই। এমন একটি ট্রফি যা আমরা পেতে পারি কারণ গত বছর প্রিমিয়ার লিগ জেতার মাধ্যমে আমরা এটি অর্জন করেছি। স্পষ্টতই খেলোয়াড়রা কতটা ক্ষুধার্ত, শিরোপার জন্য কতটা মরিয়া তা আপনি দেখতে পাচ্ছেন। যা একটি ভালো লক্ষণ।'
অন্যদিকে ঠিক উল্টো চিত্র ইতিহাদ স্টেডিয়ামে। নতুন ম্যানেজার এনজো মারেস্কার অধীনে যেন উড়ছে ম্যানচেস্টার সিটি। প্রাক মৌসুমে অপরাজিত থেকে কে লিগ অল স্টার ও অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সিটিজেনরা।
ম্যানসিটি কোচ বলেন, 'ব্যক্তিগতভাবে আমার কাছে এটি একটি ট্রফি। আর যখন সামনে কোনো ট্রফি এবং ফাইনাল থাকে, তখন আপনি সবসময় ম্যাচটি জেতার চেষ্টা করেন। তাই এটি কোনোভাবেই কোনো প্রীতি ম্যাচ নয়। এটি এমন একটি ট্রফি যা জেতার জন্য আমরা আমাদের সেরাটা দেব। শুরুটা ট্রফি জয় দিয়েই করতে চাই।
অবশ্য পরিসংখ্যানও কথা বলছে সিটির পক্ষেই। শেষ ৬ দেখায় ৫টিতেই জয় ম্যান সিটির। তবে সুপার কাপের মঞ্চে গানারদের রেকর্ড এককথায় অজেয়। ২০২০ আর ২০২৩ দুটোই জিতেছে পেনাল্টির রোমাঞ্চে। যার একটি আবার এই সিটির বিপক্ষেই।
/এমএইচআর