×
Logo

খেলাধুলা

ডারউইন টেস্ট

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ২১৯ রানের লিড বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৪১ এএম

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ২১৯ রানের লিড বাংলাদেশের

ডারউইন টেস্ট যেন অবিশ্বাস্য কাটছে বাংলাদেশের। তৃতীয় দিনেও ধারাবাহিকতা ধরে রেখে লাঞ্চে যাওয়ার সময় টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ৪১৭ রান। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ২১৯ রানে। মেহেদী হাসান মিরাজ ৬৫ ও তাসকিন আহমেদ ১২ রানে অপরাজিত আছেন। হাতে রয়েছে আরও দুই উইকেট।

শনিবার (১৫ আগস্ট) ডারউইনের মারারা ওভালে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিনের খেলায় মাঠে নামে টাইগাররা।  

সকালের সেশনে দুই উইকেট হারিয়ে ৬৬ রান যোগ করেছে বাংলাদেশ। একমাত্র জশ হ্যাজেলউডই দুটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে কিছুটা স্বস্তি দিয়েছেন। তবে বাকি বোলারদের অনায়াসেই সামলেছেন বাংলাদেশের ব্যাটাররা।

অস্ট্রেলিয়ার হতাশা আরও বাড়িয়েছে ক্যাচ মিস। দ্বিতীয় দিনের শেষ বলে ক্যামেরন গ্রিনের ক্যাচ মিসের পর আজ সকালে আরও দুটি সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা। স্টিভ স্মিথ সহজ ক্যাচ ফেলেছেন, আর ট্রাভিস হেড কঠিন একটি ক্যাচ নেওয়ার সুযোগ নষ্ট করেছেন।

অপরাজিত ৬৫ রানের দৃঢ় ইনিংস খেলে বাংলাদেশকে ঐতিহাসিক ফলাফলের আরও কাছে নিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

সবচেয়ে বড় বিষয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২০০ বা তার বেশি রানের লিড তাড়া করে কখনও জয় পায়নি অস্ট্রেলিয়া। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে এখন সেই কঠিন পরীক্ষার মুখেই অজিরা।

/এনএ 

Logo