বার্সেলোনা ছেড়ে ৫০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যাচ্ছেন ফেররান তোরেস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫৪ এএম
দীর্ঘ সাড়ে চার বছরের বার্সেলোনা অধ্যায়ের ইতি টেনে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিতে যোগ দিচ্ছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেস। প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২৬ বছর বয়সী এই তারকাকে দলে ভেড়াতে বার্সেলোনার সাথে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে পিএসজি।
গোল ডটকম-এর প্রতিবেদনে জানানো হয়েছে, দলবদলের ট্রান্সফার ফি হিসেবে পুরো অর্থই একবারে নির্ধারিত ফি হিসেবে পরিশোধ করবে পিএসজি, যেখানে কোনো পারফরম্যান্সভিত্তিক বাড়তি শর্ত রাখা হয়নি। নতুন ফ্রাঞ্চাইজিতে পাঁচ বছরের চুক্তিতে সম্মত হয়েছেন তোরেস।
বুধবার (১২ আগস্ট) বার্সেলোনার অনুশীলনে যোগ না দেওয়ার অনুমতি চেয়েছেন তোরেসের প্রতিনিধিরা। বর্তমানে দুই ক্লাবের সভাপতি ও স্পোর্টিং ডিরেক্টরদের মধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হলেও ফ্রান্সে গিয়ে প্যারিসের মেডিকেল টিমের অধীনে স্বাস্থ্য পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা দেওয়া হবে।
তোরেসকে বিক্রি করে বড় ধরণের আর্থিক স্বস্তি পাচ্ছে বার্সেলোনা। ২০২২ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে তাকে ৫৫ মিলিয়ন ইউরোতে কিনেছিল কাতালান ক্লাবটি। চুক্তির শেষ বছরে থাকা খেলোয়াড়কে প্রায় ৫০ মিলিয়নে বিক্রি করায় লাভজনক অবস্থানের পাশাপাশি চুক্তি নবায়ন না হওয়ার ফলে পুরোনো শর্ত অনুযায়ী ম্যানচেস্টার সিটিকে অতিরিক্ত ৮ মিলিয়ন ইউরো পরিশোধ করার হাত থেকেও রক্ষা পেল বার্সা।
বার্সেলোনার জার্সিতে সাড়ে চার বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৭ ম্যাচ খেলে ৬৫টি গোল ও ২৩টি অ্যাসিস্ট করেছেন তোরেস। কাতালান ক্লাবটির হয়ে তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে জয়ের কৃতিত্ব রয়েছে এই স্প্যানিশ ফরোয়ার্ডের।
/এএ