পুনর্নির্বাচনের জন্য কাতার-মরক্কোসহ ছয় আরব দেশের সমর্থন পেলেন ইনফান্তিনো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম
কাতার ও ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কোসহ ছয়টি আরব দেশের জাতীয় ফুটবল ফেডারেশন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। ফিফার প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে সংস্থাটিতে চলমান সংকটের মধ্যেই এ সমর্থন পেলেন তিনি। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানান কাতার, মিশর, লেবানন, মরক্কো, সুদান ও মৌরিতানিয়ার ফুটবল ফেডারেশন প্রধানরা।
আগামী বছর ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের জন্য প্রার্থী হতে যাওয়া ইনফান্তিনোকে নিয়ে সম্প্রতি প্রকাশ্য বিরোধে জড়িয়েছে তিনটি মহাদেশীয় ফুটবল কনফেডারেশন—উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও কনকাকাফ। ফিফার বিভিন্ন প্রতিযোগিতা, এমনকি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়ার পর তার নেতৃত্ব ও কর্মকাণ্ডের সমালোচনা করে পদত্যাগের আহ্বানও জানায় তারা।
এর আগে, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো। তবে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি।
যৌথ বিবৃতিতে ছয় আরব দেশের ফুটবল ফেডারেশন প্রধানরা বলেন, আরব বিশ্বে মানুষকে একত্রিত করা এবং ফুটবল ফেডারেশনগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে আরব ফুটবলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে তার ভূমিকা ও অঙ্গীকারের ওপর আস্থা পুনর্ব্যক্ত করেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন, সব অঞ্চলে সুযোগ বাড়ানো এবং মানুষ ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য জোরদারে ইনফান্তিনোর ধারাবাহিক প্রচেষ্টাকে তারা গভীরভাবে মূল্যায়ন করেন। বিশ্ব ফুটবলের আরও শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
বিবৃতিতে স্বাক্ষরকারী ছয়জনের মধ্যে চারজন— কাতারের শেখ হামাদ বিন খলিফা আল থানি, মিশরের হানি আবু রিদা, মরক্কোর ফৌজি লেকজা এবং মৌরিতানিয়ার ফুটবল প্রধান আহমেদ ইয়াহিয়া বর্তমান ফিফা কাউন্সিলের সদস্য।
তবে ছয় ফেডারেশনের কয়েকটি এএফসির সদস্য। যেখানে এএফসি ইনফান্তিনোর বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা ঘোষণার পর হতাশা প্রকাশ করেছিল। এমনকি এ ঘটনায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সমালোচনার সঙ্গে এএফসির অবস্থানেরও মিল দেখা গিয়েছিল।
এদিকে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে আয়ারল্যান্ড। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) জানিয়েছে, ফিফার শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও পরামর্শ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ইনফান্তিনোর প্রস্তাবে সদস্য দেশগুলোর জন্য ২ কোটি ডলার করে অনুদানের কথা ছিল, চুক্তিতে সম্মতি দিলে যা দ্বিগুণ হওয়ার সুযোগ ছিল। তবে মরক্কোয় সংকটকালীন বৈঠকের পর প্রস্তাবটি পরিচালনায় ভুলের জন্য সদস্যদের কাছে ক্ষমা চায় ফিফা এবং ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে।
উয়েফা, এএফসি ও কনকাকাফের বিরোধিতা সত্ত্বেও ইনফান্তিনোর সমর্থন রয়েছে। আফ্রিকান ফুটবল কনফেডারেশনও তাকে সমর্থন দিয়েছে। আগামী নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী থাকলে ১০৬ ভোটই যথেষ্ট; তবে তিন বা তার বেশি প্রার্থী হলে প্রথম দফায় প্রয়োজন হবে ১৪১ ভোট।
/এনএ