×
Logo

খেলাধুলা

মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী

ক্রীড়াঙ্গনে মেয়েদের এগিয়ে নিতে দরকার গোড়ামিমুক্ত নিরাপদ পরিবেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম

ক্রীড়াঙ্গনে মেয়েদের এগিয়ে নিতে দরকার গোড়ামিমুক্ত নিরাপদ পরিবেশ

ক্রীড়াঙ্গনে মেয়েদের এগিয়ে নিতে শুধু প্রতিযোগিতার আয়োজনই যথেষ্ট নয়; তাদের জন্য নিরাপদ ও গোড়ামিমুক্ত পরিবেশ, নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম এবং পরিবারের আস্থা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

বুধবার (১২ আগস্ট) রংপুরের ক্রীড়াঙ্গন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সফরকালে তিনি রংপুর বিভাগীয় মহিলা কমপ্লেক্স পরিদর্শন করেন এবং নারী ক্রীড়ার উন্নয়ন ও বিকাশে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে তিনি রংপুর জেলা সার্কিট হাউজে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় রংপুর অঞ্চলে নারী ক্রীড়ার বর্তমান অবস্থা, সম্ভাবনা, খেলোয়াড়দের প্রশিক্ষণ, ক্রীড়া অবকাঠামো, প্রয়োজনীয় সরঞ্জাম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনাই এখন অন্যতম লক্ষ্য উল্লেখ করে সারওয়াত সিরাজ শুক্লা বলেন, মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে হলে সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতাগুলো দূর করার পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। আমরা চাই, একজন মেয়ে খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, ভবিষ্যৎ পেশা ও ক্যারিয়ার হিসেবেও বেছে নেওয়ার সুযোগ পাক। এ ক্ষেত্রে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

সভায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নারী খেলোয়াড়দের প্রশিক্ষণ, প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ক্রীড়া উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

Logo