বাবাকে নিয়ে মেসির আবেগঘন পোস্ট
এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাদের ছেড়ে চলে গেছো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম
বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বাবাকে স্মরণ করে নিজের কষ্টের কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
বাবাকে উদ্দেশ করে মেসি লেখেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাদের ছেড়ে চলে গেছো। বাবার কাছ থেকে একটি বার্তা পাওয়ার অপেক্ষায় সবসময় থাকতেন বলেও জানান তিনি।
মেসি লেখেন, বিশেষ করে তারা যখন ফাইনালে উঠেছিলেন, তখন বাবার সঙ্গে সেই মুহূর্তগুলো ভাগ করে নিতে চেয়েছিলেন। তবে এখন বাবাকে ছাড়া কোনো কিছুই আর আগের মতো মনে হচ্ছে না তার।
বাবার স্মৃতিচারণ করে মেসি আরও বলেন, তিনি যখন খেলতে দেখতেন, তখন সবসময় খুশি হতেন। বাবার পরামর্শ ও কথাগুলোও সবসময় সঠিক ছিল বলে উল্লেখ করেন তিনি।
নিজের সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রেও বাবার শিক্ষা ও আদর্শ অনুসরণ করার কথা জানিয়েছেন মেসি। তিনি বলেন, বাবার কাছ থেকে যেভাবে শিখেছেন, সেভাবেই নিজের সন্তানদেরও শেখাবেন ও মানুষ করবেন।
পোস্টের শেষাংশে বাবার প্রতি ভালোবাসা জানিয়ে মেসি লেখেন, শান্তিতে ঘুমাও, বাবা। তুমি যেমন এখানে থেকে আমাদের যত্ন নিয়েছ, তেমনি ওপার থেকেও আমাদের ওপর নজর রেখো। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি, বাবা।
/এনএ