×
Logo

খেলাধুলা

বাংলাদেশি বোলারদের ওপর ক্যামেরন গ্রিনকে চড়াও হওয়ার আহ্বান অজি অধিনায়ক কামিন্সের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

বাংলাদেশি বোলারদের ওপর ক্যামেরন গ্রিনকে চড়াও হওয়ার আহ্বান অজি অধিনায়ক কামিন্সের

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে তাগিদ দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। দলে নিজের জায়গা নিয়ে ওঠা প্রশ্নগুলো দূর করতেই চাপে থাকা এই অলরাউন্ডারকে এমন পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) ডারউইনে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অজি অধিনায়ক। তিনি নিশ্চিত করেছেন, অ্যাশেজে রান পেতে সংগ্রাম করলেও বৃহস্পতিবার ডারউইনে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে পাঁচ নম্বরেই ব্যাট করবেন গ্রিন।

তিনি বলেন, আমরা পছন্দ করি যখন সে মাঠে বেশ ব্যস্ত থাকে এবং বোলারদের ওপর পাল্টা চাপ প্রয়োগ করে, সে সময় তাকে সত্যিই ভয়ংকর লাগে। 

তিনি আরও বলেন, আবার বোলিংয়ের সময়ও তার একই রকম উপস্থিতি থাকে। সে যখন নিজের ছন্দে থাকে তখন তাকে বেশ ভয়ংকর দেখায়। কিছু টি-টোয়েন্টি ম্যাচে আপনারা তাকে দেখেছেন, সে কীভাবে বল মাঠের চারদিকে পেটায়।

এদিকে, সবশেষ অ্যাশেজে গ্রিনের ব্যাটিং গড় ছিল ২৪.৪২। তবে তিনি তার সতীর্থ পেস-বোলিং অলরাউন্ডার বিউ ওয়েবস্টারের চেয়ে ওপরের দিকে ব্যাট করছেন। আট টেস্টের ক্যারিয়ারে ওয়েবস্টার বলতে গেলে কোনও ভুলই করেননি।

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৯ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ৭১ রান করেছিলেন ওয়েবস্টার এবং তার বর্তমান ব্যাটিং গড় ৪১.০৯। এবার তিনি ৭ নম্বরে ব্যাট করবেন এবং উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ব্যাট করবেন ৬ নম্বরে।

সম্প্রতি গ্রিনের পারফরম্যান্স নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্লেষকদের কেউ কেউ প্রশ্ন তুললেও, সতীর্থদের কাছ থেকে তার ওপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন কামিন্স। অজি অধিনায়ক বলেন, তার প্রায় অনেক বেশি দক্ষতা রয়েছে। তাই তাকে শুধু মাঠে গিয়ে নিজের সামর্থ্য দেখাতে হবে। আমাদের পক্ষ থেকে কোনো চাপ নেই। স্বাধীনভাবে খেলো, নিজের পথের বাধা নিজেই সরিয়ে দিয়ে শুধু খেলায় মন দাও।

এদিকে, ডারউইন টেস্টে এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সেরা তিন অস্ত্র— কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড একসঙ্গে খেলতে যাচ্ছেন। তাদের সঙ্গে থাকছেন দীর্ঘদিনের স্পিনার নাথান লায়ন।

অন্যদিকে, অ্যাশেজে অ্যাকিলিস ও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে না পারা হ্যাজেলউডের জায়গা নিয়ে স্কট বোল্যান্ডের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা ছিল। শেষ পর্যন্ত ২৯৫ টেস্ট উইকেটের মালিক হ্যাজেলউডকেই বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।

হ্যাজেলউডের টেস্টে বোলিং গড় ২৪.২১। তবে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বোল্যান্ড।

এ বিষয়ে কামিন্স বলেন, বোল্যান্ড তার নিজস্ব যোগ্যতা এবং সে কতটা ভালো তা জানে, আমি নিশ্চিত খুব শিগগিরই সে কোনো এক পর্যায়ে মাঠে নামবে।

/এনএ 

Logo