×
Logo

খেলাধুলা

এএফসি চ্যালেঞ্জ লিগ

কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে ফর্টিস এফসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে ফর্টিস এফসি

নিজেদের ঘরের মাঠে ইতিহাস গড়লো ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে কিরগিজস্তানের পরাশক্তি মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের ক্লাবটি। ঐতিহাসিক এই জয়ে প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নিলো তারা। 

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাগতিক হিসেবে কিরগিজস্তানের ক্লাবটির মুখোমুখি হয় ফর্টিস এফসি। 

ম্যাচের প্রথমার্ধে দুই দলই বলের দখল ও আক্রমণে কাছাকাছি থাকলেও গোল করতে পারেনি কেউ। ফলে, গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। 

বিরতির পর, ম্যাচের ৫২ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফর্টিস। কাউন্টার অ্যাটাকে নিজেদের অর্ধ থেকে একক নৈপুণ্যে বল নিয়ে এগিয়ে যান দলটির গাম্বিয়ান ফরোয়ার্ড ও দলের অধিনায়ক ওমর বাবু। তার দেওয়া পাস ডি-বক্সের মধ্যে খুঁজে নেয় ইব্রাহিমকে। কিছুটা এগিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন আবাহনী থেকে ১ মাসের জন্য ধারে খেলতে আসা এই খেলোয়াড়। 

গোল খাওয়ার পর আক্রমণের ধার বারায় কিরগিজ ক্লাবটি। ম্যাচের ৭৪ মিনিটে তৈরি হয় চরম নাটকীয়তা। ডি-বক্সের ভেতর নেপালি মিডফিল্ডার এরিক বিস্তার হাতে বল লাগলে স্পট-কিকের বাঁশি বাজান রেফারি। পেনালটি পায় সফরকারীরা। তবে, আতাবায়েভের নেওয়া শট পোস্টে লাগলে স্বস্তি ফেরে ফর্টিস শিবিরে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ফর্টিস এফসি। 

দুর্দান্ত অ্যাসিস্ট এর জন্য ম্যাচের সেরা খেলোয়াড় হন ফর্টিস অধিনায়ক ওমর বাবু।

/এনএ 

Logo