দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় নিজেদের সফল প্রাক-মৌসুম সফরের শেষ ম্যাচে ইতালিয়ান দ্বিতীয় বিভাগের দল পালারমোকে ২-০ গোলে পরাজিত করেছে জুভেন্টাস।
মঙ্গলবার (১১ আগস্ট) অস্ট্রেলিয়ার পার্থের এইচবিএফ পার্কে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে ইউভেন্টাসের পক্ষে লক্ষ্যভেদ করেন তুর্কি তারকা কেনান ইলদিজ এবং দীর্ঘদিন পর গোল পাওয়া পোলিশ ফরোয়ার্ড আরকাদিউশ মিলিক।
ইতালিয়ান কোচ লুসিয়ানো স্পালেত্তি এ দিন দলটির দুই নতুন সংযোজন কেরিম আলাজবেগভিচ এবং রান্ডাল কোলু মুয়ানিকে শুরুর একাদশে রেখে শক্তিশালী দল মাঠে নামান। ম্যাচের ৪৪তম মিনিটে নতুন রিক্রুট জ্যাকি চেলিকের ফিরতি পাস থেকে ১০ গজ দূর থেকে নিপুণ শটে ইউভেন্টাসকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তুর্কি ফরোয়ার্ড কেনান ইলদিজ।
দ্বিতীয় অর্ধে বেশ কয়েকটি পরিবর্তনের পর ম্যাচের ৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা আরকাদিউশ মিলিক। মাঝমাঠে বল কেড়ে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে একক প্রচেষ্টায় দারুণ এক ডান পায়ের শটে পালারমো গোলরক্ষক জেসে জোরোনেনকে পরাস্ত করেন তিনি।
এশিয়া ও অস্ট্রেলিয়া সফরে হংকংয়ে চেলসিকে ১-০ গোলে হারালেও ইনটারে কাছে ২-১ ব্যবধানে হেরেছিল স্পালেত্তির দল। ১৭ আগস্ট তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে নিজেদের 'নেক্সট জেন' দলের বিপক্ষে অভ্যন্তরীণ প্রীতি ম্যাচ খেলে নতুন সিরি-এ মৌসুমের প্রচারণা শুরু করবে ওল্ড লেডিরা।
/এএ