মেসির বাবার স্মরণে ইন্টার মিয়ামির শ্রদ্ধা, গোল করে মেসিকে উৎসর্গ ডি পলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম
মেসির বাবা বাবা হোর্হে মেসির মৃত্যুর খবরে লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরেইয়ের অনুপস্থিত ছিলেন ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি। তবে ম্যাচ চলাকালে তার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছে ক্লাব ও সমর্থকেরা। যদিও এদিন ২-১ গোলে হেরেছে তারা।
শনিবার (৮ আগস্ট) আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার রাতেই বিমানে রোজারিও পৌঁছান মেসি। সেখানে তিনি ব্যক্তিগত স্মরণসভায় অংশ নেবেন বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম। তবে কবে মিয়ামিতে ফিরবেন, তা এখনো জানা যায়নি।
মিয়ামির নু স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে হোর্হে মেসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্টেডিয়ামের পর্দায় তার নামও প্রদর্শন করা হয়। মিয়ামির খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।
ম্যাচের ১০ মিনিটে, মেসির জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে, গ্যালারি থেকে তার প্রতি সমর্থন জানান সমর্থকেরা। এ সময় ‘ফুয়ের্সা লিও’— অর্থাৎ ‘শক্ত থাকো লিও’ লেখা পতাকাও প্রদর্শন করা হয়।
মেসির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পল এদিন মিয়ামির অধিনায়কত্ব করেন। ৩২ মিনিটে গোল করে মেসিকে শ্রদ্ধা জানান তিনি। গোলের পর জার্সি খুলে মেসির ১০ নম্বর জার্সি প্রদর্শন করেন ডি পল।
তবে শেষ পর্যন্ত ম্যাচটি নিজেদের করে নেয় মন্টেরেই। হুগো কুইপার্সের সমতায় ফেরানো গোলের পর শেষ দিকে দিয়েগো রসির গোলে জয় পায় মেক্সিকান ক্লাবটি। ফলে লিগস কাপের নকআউট পর্বে ওঠার পথে বড় ধাক্কা খেল মিয়ামি।
ম্যাচের আগে মেসির পরিবারের প্রতি সমবেদনা জানায় ইন্টার মিয়ামি। দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজও সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির প্রতি সমর্থন জানান।
এদিন ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করে ইন্টার মায়ামি। তবে মন্টেরেইয়ের কোচ ও সাবেক আর্জেন্টাইন ফুটবলার মাতিয়াস আলমেইদা সংবাদ সম্মেলনের শুরুতেই মেসির পরিবারের প্রতি সমবেদনা জানান।
এবারের লিগস কাপে মিয়ামির প্রথম ম্যাচে খেলেছিলেন মেসি। বুধবার আতলেতিকো দে সান লুইসের বিপক্ষে ৪-২ গোলের জয়ে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেন তিনি।
মেসির ফুটবল ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার বাবা হোর্হে মেসির। তিনি ছিলেন লিওনেল মেসির এজেন্ট এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের ব্যবস্থাপক। ২০০০-এর দশকের শুরুতে তরুণ মেসিকে নিয়ে বার্সেলোনায় যান তিনি। সেখানেই লা মাসিয়ার ট্রায়ালের মাধ্যমে মেসির সামনে খুলে যায় পেশাদার ফুটবলের দরজা।
২০০৫ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর মেসি আটবার জিতেছেন ব্যালন ডি’অর। পাশাপাশি ২০২২ সালে দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেন এই আর্জেন্টাইন তারকা।
/এনএ