বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিও পৌঁছেছেন মেসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:২১ এএম
বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন দেশটির ফুটবল তারকা লিওনেল মেসি। শনিবার (৮ জুলাই) স্থানীয় সময় রাত ৮টা ৪১ মিনিটে নিজ শহরে পৌঁছান তিনি। খবর, আর্জেন্টাইন সংবাদমাধ্যম এল দিয়া'র।
৬৮ বছর বয়সে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সঙ্গে থাকতে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে আর্জেন্টিনায় ফেরেন মেসি।
রোজারিও পৌঁছে মা সেলিয়া কুচিত্তিনি, ভাই রদ্রিগো ও মাতিয়াস, বোন মারিয়া সলসহ পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে যোগ দেন তিনি।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, হোর্হে মেসির শেষ বিদায়ের আয়োজন রাখা হয়েছে পুরোপুরি ব্যক্তিগত। কোনো প্রকাশ্য শোকসভা বা জনসমাগম হবে না। গণমাধ্যম থেকেও পুরো বিষয়টি গোপন রাখা হচ্ছে।
মেসির বাবা হোর্হে মেসির মরদেহ রোজারিওর ভিলা গোবেরনাদর গালভেস এলাকার পার্ক দেল সোলার কবরস্থানে সমাহিত করা হবে। তবে দাফনের সময় ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিস্তারিত প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে গণমাধ্যমটি।
এদিকে, বাবার মৃত্যুর কারণে ইন্টার মিয়ামির সঙ্গে পূর্বনির্ধারিত সূচিতেও পরিবর্তন এসেছে মেসির। শনিবার মেক্সিকোর ক্লাব মনতেরেইর বিপক্ষে লিগস কাপের ম্যাচে খেলার কথা থাকলেও পারিবারিক পরিস্থিতির কারণে তাকে দল থেকে সরিয়ে নেওয়া হয়।
হোর্হে মেসি ছিলেন লিওনেল মেসির ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছেলের এজেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পাশাপাশি তার ব্যবসায়িক বিষয়গুলোও দেখভাল করেছেন তিনি। ২০০০ সালে কিশোর মেসিকে নিয়ে বার্সেলোনায় যাওয়ার সময়ও সঙ্গে ছিলেন হোর্হে।
বাবার অসুস্থতার সময়ও তার পাশে ছিলেন মেসি। এবার তার মৃত্যুর পর ফুটবলীয় ব্যস্ততা পাশে রেখে পরিবারের সঙ্গে সময় কাটাতেই রোজারিও ফিরেছেন আর্জেন্টাইন তারকা।
/এনএ