লঙ্কা প্রিমিয়ার লিগ
ফাইনালে স্বপ্নভঙ্গ সাকিব-হৃদয়দের, চ্যাম্পিয়ন গল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:২১ এএম
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) মেগা ফাইনালে শিরোপার খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হলো সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের জাফনা কিংসের।
শনিবার (৮ আগস্ট) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপার লড়াইয়ে আগে ব্যাট করে জাফনা নির্ধারিত ওভারের আগেই ১২৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ২৫ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গল।
অতীতে টুর্নামেন্টটির তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি গল ফ্র্যাঞ্চাইজির। এমনকি প্রথম দুই আসরে গল গ্ল্যাডিয়েটরস এবং পঞ্চম আসরে গল মার্ভেলস নামে জাফনার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এবার প্রথম কোয়ালিফায়ারেও জাফনার কাছে পরাস্ত হতে হয়েছিল গলকে। তবে ফাইনালের মঞ্চে সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে অধরা শিরোপার স্বাদ পেল শানাকার দল।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল জাফনা। উদ্বোধনী জুটিতে আভিশকা ফার্নান্দো ও কামিল মিশারা যুক্ত করেন ২৫ রান। কিন্তু এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। আভিশকা ১৬ বলে ২০ এবং খাওয়াজা নাফে শূন্য রানে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা তাওহিদ হৃদয় প্রথম কোয়ালিফায়ারে তাণ্ডব চালালেও ফাইনালে ১০ বলে মাত্র ১০ রান করে সাচিন্দু কলম্বাগের শিকার হন।
তবে অধিনায়ক ভানুকা রাজাপাকসা ও দুনিথ ওয়েলালাগে ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে রেখে ৩২ বলে ৪১ রানের ইনিংস খেলেন ওপেনার মিশারা। শেষের দিকে চামিন্দু উইক্রামাসিংহের ১৬ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১০০ পার করে জাফনার সংগ্রহ। সাকিব আল হাসান ব্যাটিংয়ে ১৩ বলে ৯ রান করে হতাশ করেন। গলের পক্ষে চারিথ আসালাঙ্কা ও ইশান মালিঙ্গা ৩টি করে উইকেট শিকার করেন।
১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল গল। তবে তৃতীয় উইকেটে ৬৪ রানের কার্যকর জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান টমাস রজার্স (৩২) ও দিনুরা কালুপাহানা (৩১)।
নবম ওভারে বোলিংয়ে এসে এই থিতু হওয়া দুই ব্যাটারকেই পরপর ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেন জাফনার অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪ ওভারে ১৫ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। দলের প্রয়োজন যখন ২১ রান, তখন অধিনায়ক দাসুন শানাকা ৯ বলে অপরাজিত ২০ রানের আগ্রাসী ইনিংস খেলে ২৫ বল হাতে থাকতেই নিশ্চিত করেন গলের ঐতিহাসিক জয়।
/এমএইচআর