জাপানে হিটস্ট্রোকে ফিজির রাগবি খেলোয়াড়ের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম
জাপানে তীব্র গরমের মধ্যে অনুশীলনের পর গুরুতর হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক ফিজিয়ান রাগবি খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। দেশটির পেশাদার রাগবি দল কিউশু কেভির ২৬ বছর বয়সী খেলোয়াড় সাইমোনি ভুনিলাগি মারা গেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে ভুনিলাগির ক্লাব জানায়, গুরুতর হিটস্ট্রোকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ দেখা দেওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার (৩ আগস্ট) দলের অনুশীলন শেষে দক্ষিণ জাপানের ফুকুওকা শহরের একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
গত সোমবার (৩ আগস্ট) ফুকুওকায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।
কিউশু কেভি জাপানের দ্বিতীয় বিভাগের একটি পেশাদার রাগবি দল। ভুনিলাগি ছিলেন দলের ব্যাক-রো ফরোয়ার্ড। জাপানেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। ২০২৩ সালে পেশাদার রাগবিতে ক্যারিয়ার শুরু করেন এই ফিজিয়ান খেলোয়াড়।
ভুনিলাগির আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে কিউশু কেভি। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘এই আকস্মিক সংবাদে দলের খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাই গভীরভাবে মর্মাহত।’
ক্লাবটি আরও জানায়, ভুনিলাগির উদার মানসিকতা এবং শক্তিশালী খেলার ধরন আসন্ন মৌসুমে দলের জন্য বড় অবদান রাখার প্রত্যাশা তৈরি করেছিল। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ তার আত্মার শান্তি কামনা করেছে।
জাপানে ভয়াবহ হয়ে উঠছে তাপপ্রবাহ
ভুনিলাগির মৃত্যুর ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জাপান। গত বছর দেশটিতে ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। চলতি বছরও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশজুড়ে প্রায় ১৮ হাজার ৬শ' মানুষ হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৫ জনকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত ঘোষণা করা হয়।
জাপানে প্রতি বছর তীব্র তাপপ্রবাহের কারণে প্রায় ১ হাজার ৩শ' মানুষের মৃত্যু হয়। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে দেশটির সরকার।
তীব্র গরমের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে নাগোয়ার ওয়ার্ল্ড কসপ্লে সামিট।
/এআই