×
Logo

খেলাধুলা

মিরাজের সেঞ্চুরিতে আড়াইশো পার করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

মিরাজের সেঞ্চুরিতে আড়াইশো পার করল বাংলাদেশ

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। তবে মূল আসর শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে বেশ ভুগেছে সফরকারীরা। মেহেদী হাসান মিরাজের শতকের সুবাদে দলীয় আড়াইশো পার করেছে বাংলাদেশ। বাকিদের মধ্যে সর্বোচ্চ ৩৭ রান এসেছে অধিনায়ক শান্তর ব্যাটে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউনের মারারা ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

এদিন শুরুতেই বিপর্যয়ে পড়ে সফরকারীরা। দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত রানের খাতা না খুলতেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান। দলীয় ৩৮ ও ব্যক্তিগত ৩১ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম।

এরপর মুমিনুল হক ৫৮ বল মোকাবিলা করেও মাত্র ১৬ রান করেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৪ বল খেলে রানের খাতা না খুলেই বিদায় নেন। লাঞ্চের পর অধিনায়ক শান্তও ৫৩ বলে ৩৭ রান করে আউট হলে আরও চাপে পড়ে বাংলাদেশ।

মিডল অর্ডারে অমিত হাসান ৬১ বলে ১৫ এবং সৌম্য সরকার ৩৬ বলে ১৬ রান করে ফিরলে সফরকারীদের ব্যাটিং লাইনআপ কার্যত ধসে পড়ে। দলের এমন সংকটময় মুহূর্তে দায়িত্ব কাঁধে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এক প্রান্ত আগলে রেখে লেজের সারির ব্যাটারদের নিয়ে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। ধৈর্য ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেলে খেলেন অনবদ্য এক ইনিংস।

শেষ পর্যন্ত ৭৫.৫ ওভারে ২৬৩ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মিরাজ। ১৪১ বল মোকাবিলা করে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০৯ রানের দারুণ এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তার এই লড়াকু শতকেই সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ।

৫১ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট তুলে নেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

/এমএইচআর

Logo