যুক্তরাষ্ট্রের মায়ামিতে বৃষ্টি ও তীব্র বজ্রপাতের অনাকাঙ্ক্ষিত বাধা পেরিয়ে লিগস কাপের মঞ্চে নিজেদের অপরাজিত থাকার ধারা অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি।
বুধবার (৬ আগস্ট) রাতে নু স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব অ্যাটলেটিকো সান লুইসকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে মায়ামি। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচ এবং শুরুর একাদশে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল ও এক অ্যাসিস্টে মাঠ মাতিয়েছেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি।
এই জোড়া গোলের মাধ্যমে লিগস কাপের ৪ বছরের ইতিহাসে ১২ ম্যাচে ১৪টি গোল করে লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গাকে টপকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন এককভাবে নিজের দখলে নিয়েছেন এলএমটেন।
ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য ভালো ছিল না; ম্যাচের ৪ মিনিটেই ডেভিড রদ্রিগেজের দারুণ হেডে গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। তবে শুরুর সেই ধাক্কা সামলাতে বেশি সময় নেননি মেসি। ম্যাচের ১১তম মিনিটে তরুণ ডিফেন্ডার নূহ অ্যালেনের বাড়ানো দীর্ঘ ক্রস ধরে কোনাকুনি শটে দলকে ১-১ গোলের সমতায় ফেরান আর্জেন্টাইন অধিনায়ক। এরপর টেলাস্কো সেগোভিয়ার গোলে মিয়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ৪৪তম মিনিটে অ্যালেনের একই ধরনের পাস ধরে বক্সে দু-এক পা ড্রিবল করে নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করেন মেসি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মেসির কর্নার কিক থেকে হেডে গোল করে দলের ব্যবধান ৪-১ করেন ডিফেন্ডার মিকেল।
বিরতির পর বৃষ্টি ও বজ্রপাতের কারণে দ্বিতীয় অর্ধে খেলা প্রায় ৩০ মিনিট স্থগিত রাখতে হয়। খেলা পুনরায় শুরু হলে সান লুইসের হয়ে রাফা লরেন্তে একটি গোল শোধ করে ব্যবধান ৪-২ করলেও মায়ামির জয় আটকাতে পারেনি। তরুণ নূহ অ্যালেন পুরো ম্যাচে একাই ৩টি অ্যাসিস্ট করে নজর কেড়েছেন।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ৪ ম্যাচে ৭টি গোল করা উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজকে আজ দলের বাইরে রেখে মাঠে নামতে হয়েছিল মায়ামিকে। গত বছর সিয়াটল সাউন্ডার্সের বিরুদ্ধে লিগস কাপের ফাইনালে ম্যাচের শেষভাগে হাতাহাতি ও প্রতিপক্ষের স্টাফকে লাঞ্ছিত করার ঘটনায় ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ হন সুয়ারেজ। ফলে পুরো টুর্নামেন্ট জুড়েই তাকে ছাড়াই খেলতে হবে মায়ামিকে।
/এএ