×
Logo

খেলাধুলা

কেন নিউক্যাসলের অধিনায়ক ব্রুনো গিমারায়েসকে দলে ভেড়াচ্ছে আর্সেনাল?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

কেন নিউক্যাসলের অধিনায়ক ব্রুনো গিমারায়েসকে দলে ভেড়াচ্ছে আর্সেনাল?

গত মৌসুমে ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছিল তারা। তবে প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে হেরে ইউরোপের শ্রেষ্ঠত্বের স্বপ্ন শেষ হয়। শিরোপা জয়ের পরই কোচ মিকেল আর্তেতা জানিয়েছিলেন, সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হলে দলকে আরও উচ্চতায় নিতে হবে। সেই লক্ষ্যেই নিউক্যাসলের অধিনায়ক ব্রুনো গিমারায়েসকে দলে ভেড়ানোর উদ্যোগ নিয়েছে আর্সেনাল।

২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিমারায়েসকে ঘিরে আর্সেনালের পরিকল্পনা শুধু স্কোয়াডের গভীরতা বাড়ানো নয়; বরং বিশ্বসেরা মিডফিল্ডগুলোর একটি গড়ে তোলা। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা এবং সর্বোচ্চ পর্যায়ের চাপ সামলে পারফর্ম করার সক্ষমতার কারণে দীর্ঘদিন ধরেই আর্তেতার পছন্দের তালিকায় ছিলেন গিমারায়েস।

গত মৌসুমে খেলোয়াড়দের চোটের কারণে বেশ ভুগতে হয়েছে আর্সেনালকে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩টি ম্যাচ খেলেছে তারা। গত গ্রীষ্মের দলবদলে প্রায় ২৫ কোটি পাউন্ড খরচ করেও স্কোয়াডে পর্যাপ্ত বিকল্পের অভাব স্পষ্ট হয়েছে। বিশেষ করে মিডফিল্ডে মার্টিন জুবিমেন্ডি ও ডেকলান রাইসের ওপর অতিরিক্ত চাপ পড়েছিল। দীর্ঘ মৌসুমের শেষদিকে সেই চাপের প্রভাবও দেখা যায়।

আর্সেনালের আরেক মিডফিল্ডার ক্রিশ্চিয়ান নরগার্ডকে আর্তেতা খুব একটা ভরসা করেননি। গত মৌসুমে লিগে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে শুরু থেকে খেলেছেন মাত্র একটিতে। ফলে জুবিমেন্ডি ও রাইসকে নিয়মিত খেলতে হয়েছে। বিশেষ করে রাইসের ওপর ছিল বড় দায়িত্ব। বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে খেলে সেমিফাইনালে ওঠার পর তিনি আর্সেনালের অন্য যেকোনো আউটফিল্ড খেলোয়াড়ের চেয়ে বেশি মিনিট মাঠে ছিলেন।

এ অবস্থায় গিমারায়েসের আগমন আর্সেনালকে গুরুত্বপূর্ণ একটি সুবিধা দেবে। দল ঘুরিয়ে খেলালেও মিডফিল্ডের মানে বড় কোনো পতন হবে না। বরং রাইস ও জুবিমেন্ডির পাশাপাশি গিমারায়েস থাকায় আর্তেতার হাতে আরও বেশি কৌশলগত বিকল্প তৈরি হবে।

আর্সেনালের মিডফিল্ডে এখন রাইস, জুবিমেন্ডি, অধিনায়ক মার্টিন ওডেগার্ড, এদেরিকি এজে, মিকেল মেরিনো, মাইলস লুইস-স্কেলি ও ইথান নওয়ানেরির মতো খেলোয়াড় রয়েছেন। এর সঙ্গে গিমারায়েস যোগ হলে অনুশীলন থেকেই জায়গা ধরে রাখার জন্য তীব্র প্রতিযোগিতা তৈরি হবে। আর্তেতা অনুশীলনে প্রচণ্ড তীব্রতা ও প্রতিযোগিতা দাবি করেন— নতুন এই মিডফিল্ড সেই পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

অন্যতম বড় কারণ নেতৃত্ব

শুধু মাঠের পারফরম্যান্স নয়, গিমারায়েসের নেতৃত্বগুণও আর্সেনালের কাছে গুরুত্বপূর্ণ। ওডেগার্ডকে ঘিরে আর্সেনালের নেতৃত্ব কাঠামো থাকলেও গিমারায়েস নিজেই একজন স্বাভাবিক নেতা। নিউক্যাসেলে খেলার সময় সেন্ট জেমস পার্কের সমর্থকদের কাছে তিনি দলের অন্যতম প্রিয় ও প্রভাবশালী খেলোয়াড় হয়ে উঠেছিলেন।

চোটের দিক থেকেও গিমারায়েস আর্সেনালের জন্য তুলনামূলকভাবে নির্ভরযোগ্য সংযোজন। ২০২২ সালে নিউক্যাসেলে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে মাত্র ১৬টি ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। তার উপস্থিতি নিউক্যাসেলের ফলাফলেও বড় পার্থক্য তৈরি করেছে।

গিমারায়েস না থাকলে নিউক্যাসেলের প্রিমিয়ার লিগে জয়ের হার ছিল মাত্র ১২.৫ শতাংশ এবং ম্যাচপ্রতি পয়েন্ট ছিল ০.৭। বিপরীতে তিনি খেললে জয়ের হার বেড়ে হয়েছে ৫০.৭ শতাংশ এবং ম্যাচপ্রতি পয়েন্ট ১.৭। তার উপস্থিতিতে নিউক্যাসেলের গোল করার গড়ও ০.৮ থেকে বেড়ে ১.৯-এ উঠেছে। একইভাবে গোল হজমের গড়ও ১.৬ থেকে কমে ১.৩ হয়েছে।

আক্রমণেও গিমারায়েসের অবদান উল্লেখযোগ্য। গত মৌসুমে নিউক্যাসেলের হয়ে প্রিমিয়ার লিগে নয় গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে পাঁচ ম্যাচে শুরু থেকে খেলে চারটি অ্যাসিস্টও করেছিলেন।

হ্যামস্ট্রিংয়ের চোটে গত মৌসুমের শেষদিকে ছয় ম্যাচ খেলতে না পারলেও বল এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার দক্ষতা ছিল চোখে পড়ার মতো। লিগে ডিফেন্সিভ লাইন ভেঙে দেওয়া পাসে ৪৬টি এবং থ্রু-বলে ২১টি নিয়ে তিনি ছিলেন শীর্ষ পাঁচ খেলোয়াড়ের মধ্যে। নিউক্যাসেলের হয়ে প্রতিপক্ষের তীব্র চাপের মধ্যেও ৯৯৮টি পাস দিয়ে তিনি ছিলেন দলের সবার ওপরে।

এই পরিসংখ্যানই দেখায়, প্রতিপক্ষের চাপের মধ্যেও বল নিজের কাছে রাখার এবং দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে গিমারায়েস কতটা স্বচ্ছন্দ। নিউক্যাসেলের স্টাফরাও তাকে ‘অনুপ্রেরণাদায়ী’ নেতা হিসেবে দেখেন। আর্সেনাল ও আর্তেতার প্রত্যাশা, এমিরেটস স্টেডিয়ামেও একই প্রভাব তৈরি করবেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

সব মিলিয়ে গিমারায়েসকে আর্সেনালের সম্ভাব্য সংযোজন হিসেবে দেখা হচ্ছে শুধু আরেকজন মিডফিল্ডার হিসেবে নয়। তার অভিজ্ঞতা, শারীরিক সক্ষমতা, নেতৃত্ব, চাপের মধ্যে খেলার দক্ষতা এবং আক্রমণ-রক্ষণে অবদান— সব মিলিয়ে আর্তেতার দলকে একই সঙ্গে আরও গভীর ও শক্তিশালী করার পাশাপাশি একাধিক প্রতিযোগিতায় শিরোপার জন্য লড়াইয়ের সক্ষমতাও বাড়াতে পারে।

বিবিসি অবলম্বনে 

/এনএ

Logo