গোল ডটকমের প্রতিবেদন
স্পেনে দাবানলে ক্ষতিগ্রস্তদের ৮০ হাজার ইউরো অনুদান মেসির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম
আগুনের লেলিহান শিখায় দিনের পর দিন পুড়ছে স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমের বনগুলো। এখনও শেষ হয়নি দাবানলের ভয়াবহতা। সবুজে ঘেরা বন আর পাহাড়ি অঞ্চল হয়েছে পুড়ে ছাই। তবে দাবানলে বিপর্যস্ত মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পাশে এবার দাঁড়িয়েছেন আর্জেন্টাইন মহাতারকা ও বার্সেলোনা লিজেন্ড লিওনেল মেসি।
মাদ্রিদের কাছাকাছি এবং আভিলা প্রদেশে দাবানলের ফলে স্পেনে জাতীয় জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছিল। ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো সহায়তা করেছেন এই বিশ্বকাপজয়ী তারকা।
বাংলাদেশি মুদ্রায় আজকের হিসাব অনুযায়ী, যা প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। মাদ্রিদ আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য তার এই উদার উদ্যোগকে ধন্যবাদ জানান তিনি।
মাদ্রিদ আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো বলেন, মেসি মাদ্রিদের সিয়েরা ওইস্তে এলাকা পুনর্নির্মাণের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই এবং তাকে বলতে চাই যে মাদ্রিদের জনগণ তাকে খুব শীঘ্রই স্বাগত জানাতে এবং তার প্রাপ্য সম্মান দিতে উন্মুখ হয়ে আছে।
ওইস্তে অঞ্চলে ধ্বংসাত্মক এই দাবানলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দুঃসময়েই অনুদান দিলেন মেসি। দুই সপ্তাহ আগে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
এর আগেও বিশ্বের নানা প্রান্তের মানবিক সংকটে বারবার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মহাতারকা লিও। এর মধ্যে করোনাকালে বার্সেলোনা ও আর্জেন্টিনার হাসপাতালে বড় অংকের অনুদান, কোভিডের টিকা কেনায় দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশনকে ভ্যাকসিন উপহার দেওয়া কিংবা ইউক্রেন সংকট ও বিভিন্ন দেশের দাতব্য সংস্থায় নিয়মিত সাহায্য করে আসছেন লিওনেল মেসি।
/এআই