×
Logo

খেলাধুলা

ভারতের টেস্ট দলে প্রথমবারের মতো কাশ্মিরের পেসার আকিব নবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম

ভারতের টেস্ট দলে প্রথমবারের মতো কাশ্মিরের পেসার আকিব নবি

প্রথমবারের মতো ভারতের জাতীয় দলে ডাক পেলেন জম্মু ও কাশ্মিরের পেসার আকিব নবি। মূলত জাসপ্রিত বুমরাহর চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সুযোগ পেয়েছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলের দরজা খুলেছে ২৯ বছর বয়সী এই পেসারের জন্য।

গত দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে ১০৪ উইকেট নিয়েছেন আকিব, যার মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই শিকার ৬০ উইকেট। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি।

বুমরাহর অনুপস্থিতিতে মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও গুরনুর ব্রারের সঙ্গে ভারতের পেস আক্রমণে এবার নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে আকিবকে।

এর আগে, জম্মু ও কাশ্মীর থেকে ভারতের জাতীয় দলে ডাক পেয়েছিলেন পারভেজ রসুল আর উমরান মালিক। নবি হলেন এই অঞ্চল থেকে জাতীয় দলে ডাক পাওয়া তৃতীয় ক্রিকেটার। তবে লাল বলের ক্রিকেটে ডেব্যু হলে তিনিই হবেন জম্মু-কাশ্মীরের প্রথম টেস্ট ক্রিকেটার।

আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট কলম্বোয়।

/এএম

Logo