×
Logo

খেলাধুলা

কিকি রামোস: হাইতির ধ্বংসস্তুপ থেকে মেসির দেশের উজ্জ্বল সম্ভাবনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

কিকি রামোস: হাইতির ধ্বংসস্তুপ থেকে মেসির দেশের উজ্জ্বল সম্ভাবনা

একটা দৃশ্য কল্পনা করা যাক, লিওনেল মেসি হয়ত ততদিনে বুটজোড়া তুলে রেখেছেন। অনুজদের খেলা দেখতে এসেছেন স্টেডিয়ামে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক ম্যাচে আকাশি-সাদা জার্সি গায়ে মাঠে নেমেছেন এক নতুন খেলোয়াড়। তার অবয়ব গতানুগতিক আর্জেন্টাইনদের মতো নয়। আরও স্পষ্ট করে বললে, কৃষ্ণাঙ্গ কোনো খেলোয়াড় এর আগে আলবিসেলেস্তে শিবিরে না দেখা দর্শকরাও কিছুটা অবাক। সেইসঙ্গে 'আর্জেন্টাইনরা বর্ণবাদী' এমন অভিযোগ তো রয়েছেই। সেই দলে নতুন এ কোন খেলোয়াড়?

না, এখনও সেই সম্ভাবনা আসেনি। তবে সেটি ঘটার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এরইমধ্যে। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে (অনূর্ধ্ব-১৭) সুযোগ পেয়েছেন কিকি রামোস নামে এক ফুটবলার, যার গল্পটা অবাক করার মতোই।

জন্মস্থান হাইতিতে ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে অনেকটা 'অভিবাসী' অনুভূতি নিয়ে আর্জেন্টিনায় আগমন তার। তিনিই এখন ভিনদেশে এসে দেশটির ফুটবলের অন্যতম উজ্জ্বল সম্ভাবনা হিসেবে নিজেকে চিনিয়েছেন।

কিকি'র আসল নাম স্টিফেন রামোস। ২০০৯ সালের ৩ এপ্রিল ক্যারিবিয়ান দেশটিতে জন্ম তার। ২০১০ সালে হাইতিতে হওয়া ভয়াবহ ও ধ্বংসাত্মক ভূমিকম্পের পর মাত্র ৯ মাস বয়সে এক আর্জেন্টাইন দম্পতি তাকে দত্তক নেন এবং তিনি আর্জেন্টিনায় আসেন।

এরপর গল্পটা আর পাঁচটা দক্ষিণ আমেরিকার ছেলের মতোই। ৬ বছর বয়সে ভেলেজের নিচের সারির দলে ভর্তি, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওঠার পর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে প্রতিনিধিত্ব করা। আরও পরিণত হয়ে দেশটির জাতীয় দলে খেলার সম্ভাবনাও তো উঁকি দিচ্ছে তার মনের গহীনে।


আর্জেন্টিনায় বর্ণবাদ নিয়ে নানা রকম ‘অপবাদ’ থাকলেও রামোস জানাচ্ছেন ভিন্ন কথা। তিনি জানান, এখন পর্যন্ত দেশটিতে এমন অভিজ্ঞতার শিকার কখনও হননি।

কিকি বলেন, আর্জেন্টিনায় আসার পর থেকে আমি নিজেকে কখনও অন্যদের থেকে আলাদা মনে করিনি। যারা আর্জেন্টিনাকে বর্ণবাদী বলে, তারা শুধু বলার জন্যই বলে। আমার নিজেকে আর্জেন্টাইন মনে হয়। এটি একটি সুন্দর দেশ।

কিকি সুযোগ পেয়েছেন ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে। সেখানে প্রথম ম্যাচে বদলি হয়ে নেমে আকাশি-সাদা জার্সিতে কাঙ্ক্ষিত অভিষেক ঘটে তার। এরপর দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থাকা আর্জেন্টিনাকে সমতায় ফেরানো একমাত্র গোলটি আসে তার পা থেকেই।

আগামী নভেম্বরে কাতারে অনূষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড নির্ধারণে কোচের রাডারে রয়েছেন কিকিও।

/এমএইচআর

Logo