ফিফা কাউন্সিল সদস্যদের বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদে অনিশ্চয়তার শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন সংস্থাটির কাউন্সিলের একাংশ। তারা জরুরি সাধারণ সভা (ইজিএম) ডাকার উদ্যোগ নিয়েছেন, যা শেষ পর্যন্ত ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে আনুষ্ঠানিক চ্যালেঞ্জে রূপ নিতে পারে।
রোববার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের অভিযোগে মার্কিন ফুটবলার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের স্বাধীন তদন্তের দাবি থেকেই এই বিদ্রোহের সূচনা। বিদ্রোহী কাউন্সিল সদস্যদের অভিযোগ, একাধিক ফোনালাপের পর নজিরবিহীনভাবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক।
উল্লেখ্য, ফিফার ৩৭ সদস্যের কাউন্সিলে অন্তত ৫০ শতাংশের বেশি অর্থাৎ ১৯ সদস্য সমর্থন দিলে জরুরি সাধারণ সভা ডাকা সম্ভব। জানা গেছে, ইনফান্তিনোর বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা প্রকাশ্যে আসার আগেই বিদ্রোহীদের সমর্থন দ্বি-অঙ্কে পৌঁছে গিয়েছিল।
এদিকে, সম্প্রতি ইনফান্তিনো বিশ্বকাপ পরিচালনাকারী নতুন একটি কোম্পানির ২০ শতাংশ শেয়ার মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান 'থ্রাইভ ক্যাপিটাল'-এর কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন। যেটি ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান।
তবে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।
বিদ্রোহী সদস্যরা চান, বালোগান ইস্যুতে স্বাধীন তদন্ত হোক। ইনফান্তিনো তাতে রাজি না হলে তাকে পদত্যাগের আহ্বান জানানো হতে পারে। এমনকি বিকল্প সভাপতি প্রার্থীর খোঁজও শুরু হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে ইনফান্তিনোর পক্ষে রয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ), দক্ষিণ আমেরিকার কনমেবল এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। অন্যদিকে ইউরোপ ও উত্তর আমেরিকার ১৪ কাউন্সিল সদস্য তার বিরোধিতায় থাকলেও কার্যকর চাপ তৈরি করতে এশিয়ার সমর্থন প্রয়োজন হবে।
বর্তমান সূচি অনুযায়ী ফিফা কাউন্সিলের পরবর্তী সভা নভেম্বরে হওয়ার কথা। তবে বিদ্রোহীরা তার আগেই জরুরি সভা ডাকার চেষ্টা করছেন। একই সঙ্গে ৪৩টি সদস্য দেশের সমর্থন পেলে জরুরি ফিফা কংগ্রেস ডেকে ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা ভোট আনার পথও খোলা রয়েছে।
/এনএ