মিশরীয় তরুণ হামজা আবদেলকরিমের জোড়া গোলও বাঁচাতে পারল না বার্সেলোনাকে। প্রাক-মৌসুমের প্রথম প্রীতি ম্যাচে টাইব্রেকারে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা।
যুক্তরাজ্য সফরের প্রথম ম্যাচে বার্মিংহামের বিপক্ষে নির্ধারিত সময়ে খেলা ড্র হয় ২-২ গোলে। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে যায় হান্সি ফ্লিকের দল।
মূল দলের বেশিরভাগ তারকা না থাকায় একাডেমি ও বি দলের ফুটবলারদের নিয়েই একাদশ সাজান ফ্লিক। সেই সুযোগে নজর কাড়েন ১৮ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড হামজা আব্দেলকরিম। একটি পেনাল্টিসহ জোড়া গোল করে দলকে এগিয়েও দিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় বার্মিংহাম।
নিয়ম অনুযায়ী বিজয়ী দল নির্ধারণ করতে হতো, তাই ফলাফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে। পরে টাইব্রেকারে বার্সেলোনার তিনটি শট ঠেকিয়ে ম্যাচের নায়ক হন বার্মিংহামের গোলরক্ষক জেমস বিডল।
/এএম