×
Logo

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু তালিকা, ব্র্যান্ড ও লোগো উন্মোচন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম

২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু তালিকা, ব্র্যান্ড ও লোগো উন্মোচন

দীর্ঘ দুই যুগ পর আবারও আফ্রিকাতে ফিরছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২টি আয়োজক শহরের নাম। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে বিশ্বকাপের নতুন ব্র্যান্ড ‘মেইক দ্য সার্কল বিগার’ এবং অফিসিয়াল থিম ‘থ্রি নেশন্স, ওয়ান হার্টবিট।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ, মাখায় এনটিনি, হাশিম আমলা, বর্তমান অধিনায়ক টেম্বা বাভুমা ও পেসার কাগিসো রাবাদাসহ দেশটির অনেক তারকা। জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার প্রতিনিধি ছিলেন রুডলফ ইয়ানেস ফন ফুরেন।

যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। প্রথমবারের মতো আইসিসির এই বৈশ্বিক আসরের আয়োজক দেশের তালিকায় যুক্ত হলো নামিবিয়া।

আসরের মোট অর্ধশতাধিক ম্যাচের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন, এই আট শহরে বসবে বিশ্বকাপের আসর।


জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ৭ থেকে ১০টি ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের পাশাপাশি নতুন নির্মিত ভিক্টোরিয়া ফলস স্টেডিয়ামও থাকবে ভেন্যুর তালিকায়। এদিকে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে হবে অন্তত তিনটি ম্যাচ।

বিশ্বকাপের ব্র্যান্ড পরিচয়ের মূল প্রতীক হিসেবে রাখা হয়েছে ঐতিহ্যবাহী আফ্রিকান বোনা গোলাকার ঝুড়িকে। আয়োজকদের ভাষ্য, এটি ঐক্য, আতিথেয়তা ও অংশগ্রহণের প্রতীক। সেই ভাবনা থেকেই এসেছে ‘মেইক দ্য সার্কল বিগার’ অর্থাৎ ক্রিকেটের এই উদযাপনে আরও বেশি মানুষকে যুক্ত করার বার্তা।

এবারের থিম হচ্ছে  ‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’, যার মূল বার্তা আফ্রিকার ঐক্য, বৈচিত্র্য ও মানবিক দর্শন।

/এমএইচআর

Logo