ফিফার পরিকল্পনায় তীব্র আপত্তি, বিশ্বকাপ বর্জনের হুমকি উয়েফার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০১:২০ পিএম
বিশ্বকাপসহ নিজেদের টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে চাপে রয়েছে ফিফা। উয়েফা বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে, কনকাকাফের ৪১ সদস্যদেশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে সমালোচনার মুখেও পরিকল্পনা থেকে সরছে না আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বরং আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিফা।
মূলত, বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত বাণিজ্যিক উদ্যোগগুলোর একটি নিয়ে অনড় অবস্থানে ফিফা। বিশ্বকাপসহ নিজেদের টুর্নামেন্ট পরিচালনার জন্য ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি আলাদা বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করতে চায় সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির সুযোগ রাখা হবে।
এই ঘোষণার পরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা অভিযোগ, ফুটবলের ‘আত্মা’ বিক্রির জন্য তুলে দিচ্ছে ফিফা। এর প্রতিবাদে উয়েফার ৫৫ সদস্য দেশ একযোগে ভোট দিয়ে ভবিষ্যতে ফিফার টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়েছে।
এক বিবৃতিতে উয়েফা জানায়, সদস্যদেশগুলোর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ফিফার প্রতিযোগিতায় বেসরকারি মালিকানা বা বিনিয়োগের পরিকল্পনা বাতিল না হওয়া পর্যন্ত কোনো উয়েফাভুক্ত জাতীয় দল ফিফার কোনো টুর্নামেন্টে অংশ নেবে না।
আরও এক ধাপ এগিয়ে উয়েফা বলেছে, ফুটবলের ভবিষ্যৎ এমন মানুষের হাতে তুলে দেয়া যাবে না, যাদের প্রথম লক্ষ্য সর্বোচ্চ লাভ করা। বিশ্বকাপ ফুটবলের সম্পদ, এটি কখনোই বিক্রির জন্য নয়।
একই পথে হাঁটছে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফও। সংস্থাটির ৪১ সদস্যদেশ একযোগে ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই পরিকল্পনাটি সামনে আনা হয়েছে।
তবে সমালোচনার মুখেও নিজেদের অবস্থান থেকে সরে আসছে না ফিফা। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গণমাধ্যমের কিছু ভুল প্রতিবেদনের কারণে তাদের পূর্বপরিকল্পিত আলোচনা কার্যক্রম ব্যাহত হয়েছে। তারপরও তথ্য ও বাস্তবতার ভিত্তিতে প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশন যেন স্বাধীনভাবে মতামত দিতে পারে, সে লক্ষ্যেই আলোচনা ও পরামর্শপ্রক্রিয়া অব্যাহত থাকবে।
ফিফা আরও স্পষ্ট করে বলেছে, কেউ ফুটবল বিক্রি করছে না এবং এমন কোনো পরিকল্পনাকে কখনোই সমর্থন করবে না সংস্থাটি। বরং নতুন প্রতিষ্ঠান গঠনের উদ্দেশ্য, সদস্যদেশগুলোকে ফুটবলের বাণিজ্যিক সম্ভাবনায় আরও বড় অংশীদার করা।
এদিকে এই প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজন হবে ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের ভোট। অনুমোদনের জন্য সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দরকার অন্তত ১০৬টি সমর্থন। কিন্তু এরই মধ্যে উয়েফা ও কনকাকাফ মিলিয়ে ৯৬টি সদস্য অ্যাসোসিয়েশন প্রকাশ্যে এ পরিকল্পনার বিরোধিতা করেছে। ফলে ফিফার এই উদ্যোগ আদৌ বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।
/এমএইচআর