বিশ্বকাপ ফাইনালে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ
প্যারেদেসের ৯ ম্যাচের নিষেধাজ্ঞার আশঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:১১ এএম
বিশ্বকাপ ফাইনাল শেষে খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় কঠিন শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা পরিচালিত তদন্তে তার বিরুদ্ধে সর্বোচ্চ ৯ ম্যাচ পর্যন্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আশঙ্কা দেখা দিয়েছে।
প্যারেদেসের বিরুদ্ধে মূল অভিযোগ—তিনি প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতি তিনবার আগ্রাসী ও আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করেছেন। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই অভিযোগ পর্যালোচনা করছে এবং দোষ প্রমাণিত হলে তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।
কেবল প্যারেদেসই নন, একই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্তের আওতায় এসেছেন আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালা। বিপরীত পক্ষে, স্পেনের তারকা মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও অসংলগ্ন আচরণের দায়ে তদন্ত শুরু করেছে ফিফা।
এছাড়াও, বিশ্বকাপ ফাইনালের নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, গ্যালারি থেকে বৈষম্যমূলক স্লোগান এবং মাঠে রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শনের একাধিক অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক তদন্ত চলছে।
ফিফা জানিয়েছে, আর্জেন্টিনা ও স্পেন উভয় দেশের ফুটবল সংস্থার লিখিত ব্যাখ্যা ও উদ্ধারকৃত প্রমাণাদি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে চূড়ান্ত শাস্তির পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
/এএ