মিরাজের পরিবর্তে ওয়ানডে নতুন অধিনায়ক লিটন, বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম
টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলের অর্থাৎ সাদা বলের দুই সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেবেন তিনি। এরফলে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, টেস্ট অর্থাৎ লাল বলের সংস্করণে আগের মতোই অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভার পর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।
বিসিবি সভাপতি বলেন, লিটনের অধিনায়কত্বে মুগ্ধ বোর্ড। তাই তাকে সাদা বলের নেতৃত্ব দেওয়া হয়েছে। তার সহযোগী হিসেবে রাখা হয়েছে তাওহীদ হৃদয়কে। তবে মিরাজও অধিনায়ক হিসেবে সফল ছিলেন। দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, পূর্ণাঙ্গ ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার আগে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লিটন। এরমধ্যে জয়-পরাজয় সমান ৩টি করে। আর অপর ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
এদিকে, ২০২৪ সালে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন মিরাজ। তার নেতৃত্বে ২৪টি ওয়ানডেতে জয় ১০টি ও হার ১৩টি এবং একটি ম্যাচের ফল হয়নি।
/এসআইএন