ফিফার বাণিজ্যিক পরিকল্পনায় সমর্থন দিলে সদস্য দেশগুলোর মিলবে প্রায় ৫শ' কোটি টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা ঘোষণা করেছে। এ পরিকল্পনায় সমর্থন দিলে ২১১টি সদস্য দেশের প্রত্যেককে ৪০ মিলিয়ন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৪৯৪ কোটি টাকা) দেওয়ার প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বুধবার (২৯ জুলাই) সদস্য দেশগুলোর কাছে পাঠানো ফিফার চিঠির ভিত্তিতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।
ইনফান্তিনোর পাঁচ পৃষ্ঠার চিঠিতে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে সদস্য দেশগুলো পরিকল্পনায় সম্মতি জানালে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকেই প্রথম কিস্তিতে ২০ মিলিয়ন ডলার (২শ' ৪৭ কোটি টাকা) দেওয়া হবে। বাকি ২০ মিলিয়ন ডলার পরবর্তী সময়ে দেওয়া হবে।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ সংস্থার সবচেয়ে বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। ওই প্রতিষ্ঠানের সংখ্যালঘু মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ১০ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে। এই অর্থের একটি অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে ফিফা।
চিঠিতে ইনফান্তিনো বলেন, ফিফা সভাপতি হিসেবে এমন যুগান্তকারী সুযোগ সদস্য দেশগুলোর সামনে তুলে ধরা আমার দায়িত্ব। একই সঙ্গে প্রস্তাবটি যেন বাস্তবসম্মত ও কার্যকর হয়, সেটিও নিশ্চিত করা আমার দায়িত্ব।
তবে পরিকল্পনা ঘোষণার পরপরই বিশ্ব ফুটবলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমালোচকদের অভিযোগ, ফিফা সদস্য দেশ, কনফেডারেশন কিংবা অন্যান্য অংশীজনের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই এত বড় সিদ্ধান্ত নিয়েছে।
এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, এই পরিকল্পনার মাধ্যমে ফিফা সীমা অতিক্রম করেছে। বিষয়টি নিয়ে তারা ৫৫টি সদস্য দেশকে নিয়ে জরুরি বৈঠক ডাকছে। এমনকি প্রয়োজন হলে ভবিষ্যতে ফিফার কিছু প্রতিযোগিতা বয়কটের বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ বলেছে, প্রস্তাবটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই প্রকাশ করা হয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়। একই ধরনের উদ্বেগ জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), ফরাসি ফুটবল ফেডারেশন, ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস এবং ইউরোপিয়ান ফুটবল ক্লাবস (ইএফসি)। তাদের মতে, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বচ্ছতা ও সংশ্লিষ্টদের সঙ্গে অর্থবহ আলোচনা অপরিহার্য ছিল।
এ বিষয়ে স্পেনের লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস অভিযোগ করেছেন, এটি মূলত আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসের আগে সদস্য দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা। তিনি বলেন, এটি সংস্কার নয়, বরং ফুটবলের ভবিষ্যৎ ব্যবহার করে ভোট কেনার প্রচেষ্টা।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হান্স-ইয়োয়াখিম ওয়াটস্কে এই পরিকল্পনাকে ফুটবলের ওপর সরাসরি আক্রমণ বলে মন্তব্য করেছেন। আর সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ফুটবল বিক্রি করার অধিকার কারও নেই।
তবে সবাই যে বিরোধিতা করছে, তা নয়। চেক প্রজাতন্ত্র ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ডেভিড ট্রুন্ডা বলেছেন, বিস্তারিত জানার প্রয়োজন থাকলেও তিনি এ পরিকল্পনার ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন এবং এটি চেক প্রজাতন্ত্রের ফুটবলের জন্য উপকারী হতে পারে।
ফিফার এই প্রস্তাব এখন সদস্য দেশগুলোর ভোটের অপেক্ষায়। তবে, বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের বাণিজ্যিক মালিকানায় বেসরকারি বিনিয়োগ যুক্ত করার পরিকল্পনা ইতোমধ্যেই বিশ্ব ফুটবলে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।
/এনএ