আইপিএলের ব্যবসায়িক মূল্য ছাড়ালো ২০ বিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম
বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যবসায়িক মূল্য এক বছরে ১১ শতাংশের বেশি বেড়ে ২০ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। খবর, রয়টার্সের।
বুধবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হাউলিহান লোকি-র ২০২৬ সালের আইপিএল ব্র্যান্ড মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০০৮ সালে যাত্রা শুরুর পর থেকেই বিশ্বের সেরা ক্রিকেটারদের আকৃষ্ট করার পাশাপাশি সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ, মার্চেন্ডাইজিং এবং ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগের সমন্বয়ে শক্তিশালী বাণিজ্যিক মডেল গড়ে তুলেছে আইপিএল।
আইপিএলের প্রতি যে বড় বিনিয়োগকারীদের আগ্রহ আরও বেড়েছে তা বোঝা গেছে চলতি বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তনের সময়।
গত মার্চে, ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি কেনার ঘোষণা দেয় ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চারস, আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস অব ইন্ডিয়া গ্রুপ-এর একটি কনসোর্টিয়াম।
এছাড়া, গেল মে মাসে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে রাজস্থান রয়্যালস কেনার সিদ্ধান্ত নেয় মিত্তাল পরিবার এবং আদর পুনাওয়ালা।
হাউলিহান লোকি জানিয়েছে, টানা দ্বিতীয় বছরের মতো আইপিএলের ব্যবসায়িক মূল্য দ্বিগুণ অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির পরিচালক হর্ষ তালিকোটি বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্যায়ন নতুন উচ্চতায় পৌঁছেছে, বেসরকারি মূলধনের অংশগ্রহণ বেড়েছে এবং আইপিএলের বাণিজ্যিক পরিধি আরও বিস্তৃত হচ্ছে। পাশাপাশি, খেলাধুলা, গণমাধ্যম ও ভোক্তা বাজারের অনন্য সমন্বয়ের কারণে আইপিএল দীর্ঘমেয়াদে বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় ক্ষেত্র হয়ে উঠেছে বলেও জানান তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইপিএলের স্বতন্ত্র ব্র্যান্ড মূল্য এক বছরে ১০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩১২ মিলিয়ন ডলারের ব্র্যান্ড মূল্য নিয়ে লিগের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
/এনএ