ভিনিসিয়ুসকে ভেড়াতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে রিয়ালের পাল্টা তোড়জোড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম
ফাইল ছবি
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে বড় ধরনের বাজেট নিয়ে প্রস্তুত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।
মঙ্গলবার (২৮ জুলাই) জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের এক প্রতিবেদনে জানা গেছে, আর্সেনাল খুব শিগগিরই রিয়াল মাদ্রিদ এবং খেলোয়াড়ের এজেন্টের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে যাচ্ছে।
আর্সেনালের এই জোরালো আগ্রহের খবরের পরই নড়েচড়ে বসেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। লস ব্লাঙ্কোদের সঙ্গে ২৬ বছর বয়সী এই উইঙ্গারের চুক্তির আর মাত্র ১ বছর বাকি রয়েছে (মেয়াদ ২০২৭ পর্যন্ত)। ফ্রি ট্রান্সফারে তাকে হারানোর ঝুঁকিতে থাকা রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুস ও তার প্রতিনিধির কাছে দ্রুত চুক্তি বাড়ানোর একটি পাল্টা প্রস্তাব পাঠিয়েছে।
তবে চুক্তি নবায়নের আলোচনা থমকে যাওয়ার পেছনে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বেতন স্কেল। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ভিনিসিয়ুস চুক্তি বাড়াতে দলের আরেক ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপ্পের সমান বেতন দাবি করছেন। রিয়াল মাদ্রিদ সরাসরি সমপরিমাণ বেতন দিতে কিছুটা অনীহা প্রকাশ করলেও আগের চুক্তির চেয়ে আকর্ষণীয় এবং পারফরম্যান্স বোনাস-ভিত্তিক বেশি বেতনের প্রস্তাব নিয়ে দরকষাকষি চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, আর্সেনাল ক্লাবের বেতন রেকর্ড ভেঙে সপ্তাহে ৪ লাখ পাউন্ডের বেশি অফার দিয়ে তাকে লন্ডনে নিয়ে আসতে প্রস্তুত বলে জোর গুঞ্জন চলছে।
/এএ