×
Logo

খেলাধুলা

১৫ বছর বয়সী বৈভব সুর্যবংশীর আয় কত, জীবনযাপন কেমন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম

১৫ বছর বয়সী বৈভব সুর্যবংশীর আয় কত, জীবনযাপন কেমন

বয়স মাত্র ১৫ বছর, কিন্তু এই বয়সেই মাঠ ও মাঠের বাইরে অবিশ্বাস্য এক জীবনের সূচনা করেছেন ভারতীয় ক্রিকেট বিষ্ময় বালক বৈভব সুর্যবংশী। জাতীয় দলের বয়সভিত্তিক ক্রিকেট এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে ইতোমধ্যে বিশাল আর্থিক ও বাণিজ্যিক সাফল্য ঝুলিতে পুরেছেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য ও প্রতিবেদন অনুযায়ী, বৈভব সুর্যবংশীর বর্তমান মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৭ কোটি রুপি। তবে দ্রুত বাড়তে থাকা জনপ্রিয়তা, স্পন্সরশিপ ও বিজ্ঞাপন চুক্তির কারণে এই অঙ্ক খুব শিগগিরই ১০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আইপিএল থেকে রেকর্ড পরিমাণ আয়

সুর্যবংশীর আয়ের সিংহভাগই আসে আইপিএল থেকে। আইপিএল ২০২৫-এর মেগা নিলামে রাজস্থান রয়্যালস তাকে মৌসুম প্রতি ১ কোটি ১ লাখ রুপি চুক্তিতে দলে ভিড়ায়। রাজস্থানের হয়ে প্রতিটি ম্যাচ খেলার জন্য তিনি প্রায় ৭ লাখ ৫০ হাজার রুপি করে ম্যাচ ফি পান। এখন পর্যন্ত প্রায় ২২টি আইপিএল ম্যাচ খেলার পর ম্যাচ ফি বাবদই তার সম্ভাব্য আয় দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটি ৫০ লাখ রুপি।

সম্পত্তি ও নিজস্ব বাসস্থান

ক্রিকেটীয় ব্যস্ততার কারণে মুম্বাইয়ে তার নিয়মিত যাতায়াত ও অবস্থান নিশ্চিত করতে বৈভব সেখানে একটি আধুনিক অ্যাপার্টমেন্ট কিনেছেন, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি রুপি। মুম্বাইয়ে থাকার ব্যবস্থা থাকলেও বিহারে নিজের শেকড়কে ভুলেননি এই তরুণ। বিহারের সমস্তিপুর জেলার তাজপুরে অবস্থিত তার পৈতৃক ভিটার বাজারমূল্য আনুমানিক ৪০ থেকে ৬০ লাখ রুপি।

বিলাসবহুল গাড়ি ও আর্থিক পুরস্কার

খেলার মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিভিন্ন বড় পুরস্কারও পেয়েছেন সুর্যবংশী। আইপিএল ২০২৫ মৌসুমে সেরা স্ট্রাইক রেটে ব্যাট করার পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৭ লাখ রুপি মূল্যের একটি 'টাটা কার্ভ ইভি' গাড়ি। এছাড়া রাজস্থান রয়্যালসের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের কারণে তাকে একটি বিলাসবহুল মার্সিডিজ-বেঞ্জ গাড়ি উপহার দেওয়া হয়। অন্যদিকে, গত ফেব্রুয়ারি ২০২৬-এ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ম্যাচজয়ী নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি হিসেবে বিহার সরকার তাকে ৫০ লাখ রুপির নগদ অর্থ পুরস্কারে ভূষিত করে।

বিজ্ঞাপন ও ব্র্যান্ড অ্যান্ডোর্সমেন্ট

মাঠে বিধ্বংসী ব্যাটিং ও বিশ্বের সর্বকনিষ্ঠ তারকা হওয়ার সুবাদে ইতোমধ্যেই বড় বড় ব্র্যান্ডের নজর কেড়েছেন বৈভব। ভারতের আন্তর্জাতিক ম্যাচগুলোর সম্প্রচার চলাকালীন বিভিন্ন বিজ্ঞাপনেও তাকে দেখা যাচ্ছে। ভবিষ্যতে তার আয়ের অন্যতম বড় উৎস হতে যাচ্ছে স্পন্সরশিপ ও বিজ্ঞাপন চুক্তি।

/এএ 

Logo