×
Logo

খেলাধুলা

রয়টার্সের প্রতিবেদন

দ্বিতীয়বারের মতো ইতালির কোচ হচ্ছেন রবার্তো মানচিনি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম

দ্বিতীয়বারের মতো ইতালির কোচ হচ্ছেন রবার্তো মানচিনি

দ্বিতীয় দফায় ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হতে যাচ্ছেন রবার্তো মানচিনি। মঙ্গলবার (২৮ জুলাই) সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ইতালির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিলের বৈঠকে মানচিনির নিয়োগের ঘোষণা দিয়ে বলেন, মানচিনিই আমাদের কোচ।

৬১ বছর বয়সী মানচিনি প্রথম মেয়াদে ২০২১ সালে ইতালিকে ইউরো চ্যাম্পিয়ন করেছিলেন। সেই সময়ে তিনি জাতীয় দলের হয়ে ৫৮ ম্যাচে দায়িত্ব পালন করেন। 

ক্লাব ফুটবলে ইন্টার মিলান, ফিওরেন্টিনা ও ম্যানচেস্টার সিটির কোচ ছিলেন মানচিনি। সিটির দায়িত্বে থাকাকালে ২০১১-১২ মৌসুমে ক্লাবটির ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছিলেন তিনি।

এদিকে, ইতালির কোচ নিয়োগ প্রক্রিয়ায় পছন্দের প্রার্থী আন্দ্রেয়া পিরলোর নিয়োগ একটি রুশ বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততার কারণে নিয়োগ আটকে যাওয়ায় সোমবার পদত্যাগ করেন এফআইজিসির সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং উপদেষ্টা লিওনার্দো।

এর আগে, জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। এরপরই মানচিনির প্রত্যাবর্তনের পথ সুগম হয়।

উল্লেখ্য, গত এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে হারের পর টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। সেই ব্যর্থতায় পদত্যাগ করেন দলের কোচ জেন্নারো গাত্তুসো। সেই থেকে কোচশুন্য রয়েছে ইতালি।

/এনএ  

Logo