×
Logo

খেলাধুলা

২০৩০ পর্যন্ত ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম

২০৩০ পর্যন্ত ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবলে এক নতুন দিগন্তের সূচনা হলো। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কিংবদন্তি জিনেদিন জিদান।

প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দফতরে সভাপতি ফিলিপ দিয়ালো আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জিদানের নাম ঘোষণা করা হয়। চুক্তি অনুযায়ী ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ পর্যন্ত ফরাসি ‘লে ব্লুজ’দের ডাগআউটে থাকবেন ৫৪ বছর বয়সী এই সাবেক রিয়াল মাদ্রিদ মাস্টারমাইন্ড।

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে ফ্রান্সের বিদায়ের পর ১৪ বছর ধরে প্রধান কোচের দায়িত্বে থাকা দিদিয়ার দেশম পদত্যাগ করার সিদ্ধান্ত জানান। এর পরপরই দেশমের যোগ্য উত্তরসূরি হিসেবে ফরাসি ফুটবলের এই মহাতারকাকে দায়িত্ব দেওয়া হয়।

১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে দেশকে প্রথম বিশ্বকাপ জেতানো জিদান রিয়াল মাদ্রিদের হয়ে কোচিং ক্যারিয়ারে পরপর তিনটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়েছিলেন।

দায়িত্ব পেয়ে অনুভূতি ব্যক্ত করে জিদান জানান, রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর বেশ কয়েকটি শীর্ষ ক্লাবের প্রস্তাব পেলেও জাতীয় দলকে কোচিং করানোর স্বপ্নের কারণেই তিনি তা প্রত্যাখ্যান করেন। 

তিনি বলেন, ফরাসি জাতীয় দলের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। তাই এই দায়িত্ব পাওয়া যেমন আনন্দের, তেমনি অত্যন্ত গর্বের ও বড় এক দায়িত্বের বিষয়। জাতীয় দলকে আবারও বিশ্বমঞ্চের শীর্ষে নিয়ে যেতে আমি আমার সর্বস্ব উজাড় করে দেব।

আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ফরাসিদের প্রধান কোচ হিসেবে জিদানের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

/এএ 

Logo