টানা ৫ ওভার উইকেট মেডেন, বিশ্ব রেকর্ড গ্রিভসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম
টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। টানা পাঁচ ওভার মেডেন রেখে প্রতি ওভারেই একটি করে উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে এই কীর্তি গড়েন গ্রিভস। ইনিংসের ৬৪তম থেকে ৭২তম ওভারের মধ্যে টানা পাঁচ ওভারে কোনো রান না দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট। টেস্ট ক্রিকেটের পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর এমন কীর্তি এই প্রথম।
৩ উইকেটে ১৯৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। সফরকারীদের স্কোর যখন ৪ উইকেটে ২৪৪, গ্রিভসের বোলিং ফিগার ততোক্ষণ পর্যন্ত ছিল ৬ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য। এরপর ৬৪, ৬৬, ৬৮, ৭০ ও ৭২তম ওভারে ধ্বংসযজ্ঞ চালান এই পেসার। কোনো রান না দিয়ে প্রতি ওভারেই উইকেট শিকার করেন তিনি। শেষ পর্যন্ত গ্রিভসের বোলিং ফিগার দাঁড়ায় ১১ ওভারে ৬ মেডেনসহ ২৭ রান খরচায় ৫ উইকেট। তার দুরন্ত বোলিংয়েই প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয় ২৮২ রানে।
এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার এমন অর্জন গ্রিভসের ক্যারিয়ারে এই প্রথম। দিনের খেলা শেষে তিনি জানান, বল সুইং করছিল এবং সেই সুযোগ কাজে লাগাতে পেরেছেন। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয় নিশ্চিত করাই এখন তার মূল লক্ষ্য।
/এএম