ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন স্পেনের মিডফিল্ডার দানি ওলমো। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে মিথ্যাবাদী বলে কঠোর সমালোচনা করেন বার্সেলোনা তারকা। এমন পরিস্থিতির জন্য আয়ালা ক্ষমা চাইলেও দাবি করেন কিছু মন্তব্যের জেরে ধাক্কা দেন তিনি। যদিও তাকে উদ্দেশ্য করে মন্তব্যের অভিযোগ অস্বীকার করেন ওলমো।
মূলত, বিশ্বকাপ ফাইনালের নাটকীয় উত্তেজনা কেবলমাত্র মাঠেই থেমেছে। ম্যাচ-পরবর্তী বিতর্ক এখনও আছে আলোচনায়। ম্যাচ শেষের বাঁশি বাজার পর আর্জেন্টিনার নাহুয়েল মলিনার ফাউলকে কেন্দ্র করে শুরু হয় দুই দলের খেলোয়াড়দের বাকবিতণ্ডা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মুহূর্তেই।
এ সময় দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন স্পেনের মিডফিল্ডার দানি ওলমো। অভিযোগ, হঠাৎ করেই আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা এগিয়ে এসে এরিক গার্সিয়া ও দানি ওলমোর দিকে যান এবং ওলমোকে ধাক্কা দেন। পরে আয়ালা দাবি করেছিলেন, এটি ঘুষি নয়, বরং কিছু মন্তব্যের প্রতিক্রিয়ায় হিট অব দ্য মোমেন্টে ঘটে যাওয়া একটি ঘটনা। একই সঙ্গে এমন পরিস্থিতির জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।
তবে আয়ালার এই দাবি মানতে রাজি নন ওলমো। এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন সহকারী কোচকে মিথ্যাবাদী দাবি করে কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, 'তিনি মিথ্যা বলছেন। কারণ, আমি তাকে কিছুই বলিনি। তাই তার কাছে আমার ক্ষমা চাওয়ারও দরকার নেই। কেউ যদি বলে সে দুঃখিত; কিন্তু একই সঙ্গে ঘুষি মারার যৌক্তিকতা দেখিয়ে বলে যে এটি কারও মন্তব্যের প্রতিক্রিয়া ছিল, তাহলে সে মোটেও অনুতপ্ত নয়।'
মাঠের বাইরের বিতর্ক নয়, বরং ওলমো চান বিশ্বকাপের পারফরমেন্সের জন্য সকলে স্পেনকে মনে রাখুক, তাদের খেলার মানসিকতা ও আচরণের জন্য। বলেন, আমরা কীভাবে লড়েছি, কীভাবে জিতেছি সেটি সবাই দেখেছে। সবচেয়ে বড় কথা, মাঠে আমাদের আচরণ কেমন ছিল, সেটি নিয়েই সবাই গর্ব করুক। কেননা আমাদের একাগ্রতাই আরও বিশ্বচ্যাম্পিয়ন করেছে স্পেনকে।
উল্লেখ্য, স্পেনের বিশ্বকাপ জয়ে অবদান রাখার পর, বার্সেলোনার এই তারকা বর্তমানে আছেন ছুটিতে। আগামী ১২ অগাস্ট হ্যান্সি ফ্লিকের দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।
/এমএইচআর